মঙ্গনের পুলিশ সুপার সোনম ডিচু জানান, "১১ জন পর্যটক ছিল গাড়িটিতে ৷ একাধিক দফতর উদ্ধারকাজে হাত লাগিয়েছে। ভারতীয় সেনা, সিকিম পুলিশ ও ইন্দো-তিব্বত পুলিশ উদ্ধার কাজে নেমেছে।"

তিস্তায় উদ্ধার কাজ চালাচ্ছে সেনা
শেষ আপডেট: 30 May 2025 16:29
দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: বৃহস্পতিবার উত্তর সিকিমের চুংথাং থেকে মুন্সিথাং যাওয়ার রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে পর্যটকদের একটি গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রায় এক হাজার ফুট নীচে তিস্তা নদীতে পড়ে যায়। পুলিশ সূত্রে খবর, গাড়িটিতে ১১ জন ছিলেন। তাঁরা পশ্চিমবঙ্গ ও ওড়িশার বাসিন্দা। জানা গেছে, পশ্চিমবঙ্গ এবং ওড়িশার দুটি পর্যটকের দল একটি গাড়ি ভাড়া করে চুংথাং থেকে মুন্সিথাং যাওয়ার জন্য রওনা হয়েছিলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় পাহাড়ে বাঁক নেওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় গাড়িটি। বৃষ্টি নেমে যাওয়ায় এখন রীতিমতো খরস্রোতা তিস্তা। ফলে খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করতে করতে বেশ কিছুটা সময় কেটে যায়।
মঙ্গনের পুলিশ সুপার সোনম ডিচু জানান , "১১ জন পর্যটক ছিল গাড়িটিতে ৷ একাধিক দফতর উদ্ধারকাজে হাত লাগিয়েছে। ভারতীয় সেনা, সিকিম পুলিশ ও ইন্দো-তিব্বত পুলিশ উদ্ধার কাজে নেমেছে। সারারাত ধরে চলছে তল্লাশি। তবে আবহাওয়া প্রতিকূল থাকায় ব্যাঘাত ঘটছে উদ্ধারকার্যে। তিনজনকে উদ্ধার করা গেলেও এখনও ৯ পর্যটকের কোনও হদিস মেলেনি।"
সূত্রের খবর, যে তিন পর্যটককে উদ্ধার করা হয়েছিল, তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। সেনা হাসপাতালে বাকি দুজনের চিকিৎসা চলছে। বৃহস্পতিবার সন্ধেবেলা এই ঘটনা ঘটার পর সারারাত ধরে তল্লাশি চলে। শুক্রবারেও চলছে উদ্ধার কাজ। সময় গড়াচ্ছে যত, ততই বাড়ছে উদ্বেগ।