
শেষ আপডেট: 11 February 2023 08:24
দ্য ওয়াল ব্যুরো: নিজেরই বাড়ির বাইরে খেলছিল দেড় বছরের শিশু। সেই সময় বাড়ির পাশে জঙ্গল থেকে অতর্কিতে হানা দেয় চিতাবাঘ। ঝাঁপিয়ে পড়ে জঙ্গলে টেনে নিয়ে যায় শিশুটিকে। বাড়ির লোক যতক্ষণে জানতে পেরে ছুটে আসেন, ততক্ষণে সব শেষ (Toddler Killed By Leopard)!
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরের জমওয়ারমগড় এলাকার বাসনা গ্রামে (leopard attack)। শুক্রবার বিকালে নিজেরই বাড়ির বাইরে উঠোনে বসে খেলছিল দেড় বছর বয়সি একটি শিশু। সেই সময় আচমকাই পিছনের জঙ্গল থেকে বেরিয়ে আসে একটি চিতাবাঘ। ছোট্ট শিশুটির উপর ঝাঁপিয়ে পড়ে তার ঘাড় ধরে জঙ্গলের দিকে টেনে নিয়ে যেতে শুরু করে চিতাবাঘটি।
শিশুর কান্না শুনে ছুটে আসেন বাড়ির লোকজন। চিতাবাঘটির পিছু ধাওয়া করেন তাঁরা। সকলের চেঁচামেচিতে ঘাবড়ে গিয়ে বাচ্চাটিকে জঙ্গলের মধ্যেই ফেলে রেখে পালিয়ে যায় বাঘটি। শিশুটিকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার।
বন দফতরের আধিকারিক রামকরণ মিনা জানিয়েছেন, খাবারের সন্ধানেই জঙ্গল থেকে বেরিয়ে গ্রামে ঢুকে এসেছিল বাঘটি। তারপরেই নজরে পড়ায় শিশুটিকে আক্রমণ করে সে।
মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
ব্লিঙ্ক ইটের মাধ্যমে পাউরুটি অর্ডার করেছিলেন, প্যাকেটের ভিতর মিলল জ্যান্ত ইঁদুর! ভিডিও দেখুন