নিম্নচাপ সরাসরি পশ্চিমবঙ্গে প্রভাব ফেলছে না, তবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকতে থাকায় বাংলায় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

ভাদ্র মাসের শুরু হলেও বৃষ্টির রেশ থামছে না
শেষ আপডেট: 29 August 2025 10:56
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণবঙ্গ একের পর এক নিম্নচাপে জেরবার। ভাদ্র মাসের শুরু হলেও বৃষ্টির রেশ থামছে না। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। বিশেষত উত্তরবঙ্গে জারি হয়েছে ভারী বর্ষণের সতর্কতা।
আবহাওয়াবিদদের মতে, ওড়িশা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে যে সুস্পষ্ট নিম্নচাপ ছিল, তা শক্তি হারিয়ে এখন নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়ে ছত্তীসগড়ের উপর অবস্থান করছে। এর সংলগ্ন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫.৮ কিলোমিটার উপরে একটি ঘূর্ণাবর্তও রয়েছে। পাশাপাশি মৌসুমি অক্ষরেখা গঙ্গানগর, শিবপুরী, দামোহ হয়ে ওই নিম্নচাপ অঞ্চল থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। যদিও এই নিম্নচাপ সরাসরি পশ্চিমবঙ্গে প্রভাব ফেলছে না, তবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকতে থাকায় বাংলায় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
দক্ষিণবঙ্গে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস
শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। শনিবার ও রবিবার দক্ষিণ ২৪ পরগনায় রয়েছে বৃষ্টির সতর্কতা। মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে শনিবার এবং পূর্ব মেদিনীপুরে রবিবার বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, তবে আর কোথাও আপাতত সতর্কতা নেই।
ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বর্তমানে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। সমুদ্র উত্তাল হওয়ায় মৎস্যজীবীদের শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সেখানে না যাওয়ার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গে ভারী বর্ষণের ভ্রুকুটি
উত্তরবঙ্গের জন্য পরিস্থিতি বেশি উদ্বেগজনক। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে শুক্রবার ও শনিবার, কোচবিহারে শুধু শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে আগামী দু’-তিন দিন।