অভিযোগ, বিজেপি-ঘনিষ্ঠ কয়েকজন দুষ্কৃতী পুরনো মামলা তুলে নিতে চাপ দিচ্ছিল। মামলা না তোলায় গত ২১ জুলাই তাঁকে রাস্তা থেকে তুলে নিয়ে নির্মমভাবে মারধর করা হয়।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 26 July 2025 14:22
দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদে (Murshidabad) ফের শাসক দলের কর্মীর (TMC Worker) রহস্যমৃত্যু ঘিরে উত্তেজনা। গুরুতর মারধরের পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ (Murshidabad Medical College) হাসপাতালে মৃত্যু হয়েছে তৃণমূল কর্মী পতিত পালের। পরিবারের অভিযোগ, বিজেপি-ঘনিষ্ঠ (BJP) কয়েকজন দুষ্কৃতী পুরনো মামলা তুলে নিতে চাপ দিচ্ছিল। মামলা না তোলায় গত ২১ জুলাই তাঁকে রাস্তা থেকে তুলে নিয়ে নির্মমভাবে মারধর করা হয়।
নিহত পতিত পাল (৪৩) রেজিনগর থানার অন্তর্গত আন্দুলবেড়িয়া কলোনির বাসিন্দা। জানা গেছে, ২১ জুলাই টোটো চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় কয়েকজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁকে অপহরণ করে পাশের মাঠে নিয়ে যায় এবং শাবল-লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। শুক্রবার গভীর রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়।
পরিবারের দাবি, ২০২৩ সালের পঞ্চায়েত ভোটের পরে বিজেপির কয়েকজন কর্মীর বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছিলেন পতিত। সেই মামলায় অভিযুক্ত এক যুবক সম্প্রতি চাকরি পেয়েছেন, কিন্তু পুলিশ ভেরিফিকেশন আটকে রয়েছে। সেই কারণেই পতিতকে মামলা তুলে নিতে চাপ দেওয়া হচ্ছিল। অভিযোগ, তিনি রাজি না হওয়ায় দিনদুপুরে অপহরণ করে খুন করা হয়।
নিহতের ভাই পরিতোষ পাল জানান, “একুশে জুলাই দাদা টোটো চালিয়ে বাড়ি ফিরছিল। সেই সময় বিজেপির লোকেরা অস্ত্র দেখিয়ে তুলে নিয়ে যায়। পরে মাঠে নিয়ে শাবল, লাঠি দিয়ে কোমর, হাত-পা ভেঙে দেয়। আমরা খবর পেয়ে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। কিন্তু শেষরক্ষা হয়নি। আমরা অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
ঘটনার পর রেজিনগর থানায় ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কেউ ধরা পড়েনি।
কদিন আগে মুর্শিদাবাদের ভরতপুরে প্রকাশ্য রাস্তায় এক ব্যক্তিকে কুপিয়ে খুন করা হয়। ষষ্ঠী ঘোষ নামের এক স্থানীয় তৃণমূল কর্মীকে রাস্তার ধারে আচমকা তাঁর বাইক থামিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে একদল দুষ্কৃতী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
তৃণমূলের অভিযোগ, রাজ্যে রাজনৈতিক হিংসা ছড়াতে পরিকল্পিতভাবে এমন হামলা চালাচ্ছে বিজেপি। যদিও এই ঘটনায় এখনও বিজেপির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।