বাংলা ভাষায় কথা বলার জন্য ওড়িশা-সহ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের (Migrant Workers) উপর অত্যাচারের অভিযোগে সম্প্রতি সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ফাইল ছবি।
শেষ আপডেট: 4 July 2025 21:28
দ্য ওয়াল ব্যুরো: বাংলা ভাষায় কথা বলার জন্য ওড়িশা-সহ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের (Migrant Workers) উপর অত্যাচারের অভিযোগে সম্প্রতি সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার এই ‘বর্বর’ অত্যাচারের প্রতিবাদে আদালতের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস (TMC)।
শুক্রবার টুইটে এ খবর জানিয়ে তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের হুঁশিয়ারি, ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর ঘটে চলা এই অত্যাচারের মোকাবিলা করা হবে আইনি পথেই (Legal Action)।
শুক্রবার এক টুইটবার্তায় তিনি লেখেন, “ওড়িশা সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী পরিযাযী শ্রমিকদের উপর যে বর্বর নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘন চলছে, তার বিরুদ্ধে আমরা ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছি। তবে এটুকু বলি, আমরা একবার নয়, বারবার বিচারব্যবস্থার শরণাপন্ন হব।”
We have moved the court against the barbaric torture and atrocity on the migrant workers in BJP ruled states like Odisha. We will knock the door of the judiciary again and again as the atrocity on the Bengali speaking people is sheer violation of constitution and law of the land. pic.twitter.com/WwbhwgRU8w
— Samirul Islam (@SamirulAITC) July 4, 2025
তিনি আরও লেখেন, “এই ধরনের আচরণ শুধুমাত্র নিন্দনীয় নয়, এটা দেশের আইন ও সংবিধানেরও অবমাননা। বাংলাভাষী মানুষদের উপর এমন আক্রমণকে কখনও মেনে নেওয়া হবে না।”
সূত্রের খবর, ওড়িশার একাধিক জেলায় কাজ করতে যাওয়া পশ্চিমবঙ্গের শ্রমিকদের উপর সম্প্রতি বেশ কিছু হেনস্থার অভিযোগ সামনে এসেছে। কখনও খোলাখুলি বেতন না দেওয়া, তো কখনও ‘বাঙালি’ পরিচয় জানার পর দুর্ব্যবহার। এই নিয়েই ক্রমে ক্ষোভ জমছে রাজনৈতিক মহলে।
এই প্রেক্ষিতেই তৃণমূলের এই প্রতিবাদ নতুন মাত্রা যোগ করল। সামিরুলের মন্তব্য স্পষ্ট করে দিল, এই ইস্যুতে তৃণমূল রাজনীতিক ও সাংবিধানিক— দুই লড়াই-ই চালাতে চায়।
দলের এক শীর্ষ নেতা বলেন, “ওরা (বিজেপি) ভেবেছে, বাঙালি শ্রমিকরা দুর্বল। কিন্তু আমরা প্রতিটি মানুষের পাশে থাকব। এই যুদ্ধ শুধু আদালতে নয়, রাস্তাতেও চলবে।” এ প্রসঙ্গে বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।