.webp)
চারিদিকে শুধুই কালো মাথার ভিড়। ধর্মতলা। নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 21 July 2024 17:35
চারিদিকে শুধুই কালো মাথার ভিড়। লোকে লোকারণ্য ধর্মতলা চত্বর।
তৃণমূলের শহিদ সমাবেশকে ঘিরে ফি-বারই ২১ জুলাইয়ে ধর্মতলায় তিল ধারণের জায়গা থাকে না। তবে অতীতের সব রেকর্ড এবারের সমাবেশ ভেঙে দেবে বলেই মনে করছেন নেতৃত্ব। তাঁদের কথায়, ২১ জুলাইয়ের এটাই বিশেষত্ব। প্রতিবারেই আগের রেকর্ড ভেঙে দেয় জনতা।
লোকসভা ভোট এবং বিধানসভা উপ নির্বাচনের পর শাসকদলের এই প্রথম বড় কোনও সমাবেশ। স্বাভাবিকভাবে, এবারের ২১ জুলাই সব দিক থেকেই তাৎপর্যপূর্ণ। সকাল থেকেই দলে দলে মানুষ আসছেন সমাবেশে। বৃষ্টিকে উপেক্ষা করেও বাড়ছে মানুষের ভিড। সকলেই কৌতূহলী, মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন।
এবারের ২১ জুলাইয়ে মূল মঞ্চের আয়তন ৫২/২৪ ফুট। এখানে থাকবেন শীর্ষ নেতারা, সাংসদ, বিধায়ক, মন্ত্রী ও আমন্ত্রিতরা। এছাড়া থাকছে আরও একটি মঞ্চ যেখানে বসবেন কাউন্সিলররা। এই মঞ্চের আয়তন হতে চলেছে ৪৮/২৪ ফুট। পাশাপাশি আরও একটি তৃতীয় মঞ্চ থাকবে যেখানে শহিদ পরিবারের সদস্যদের বসার ব্যবস্থা করা হচ্ছে। সেই মঞ্চের আয়তন ৪০/২৪ ফুট। মূল মঞ্চে ওঠার জন্য সিঁড়ি নয়, থাকতে পারে র্যাম্প, যার উচ্চতা হবে ১২ ফুটের মতো।
ইতিমধ্যে রাজ্যের একাংশ নেতৃত্ব মঞ্চেও হাজির হয়েছেন। বেলা ১২টা থেকে শুরু হবে শহিদ সমাবেশ। কলকাতা-সংলগ্ন জেলাগুলি, দক্ষিণবঙ্গ তো বটেই এবারের শহিদ সমাবেশে উল্লেখযোগ্যভাবে উত্তরবঙ্গ থেকেও এসেছেন প্রচুর সমর্থক। কেউ বলছেন, "দিদিকে সামনে থেকে দেখতে এসেছি।" কেউ বা বলছেন, "দিদির কথাও শোনা হবে, শহিদদের শ্রদ্ধাও জানানো হবে।"
তৃণমূল নেতা কুণাল ঘোষের কথায়, "২১ জুলাই শুধু কোনও সমাবেশ নয়, তৃণমূলের প্রত্যেক কর্মীর কাছে আবেগেরও।"
কারও হাতে একতারা, কারও সঙ্গে ধামসা মাদল। জঙ্গলমহল থেকে পাহাড়, এভাবেই জনতার জমায়েতে উৎসবের চেহারা নিয়েছে ধর্মতলা।