পুরুলিয়ার জন্য আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ, গত কয়েক দফার নির্বাচনে পুরুলিয়ায় ঘাসফুল শিবিরের ফলাফল আশানুরূপ হয়নি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 15 September 2025 12:11
দ্য ওয়াল ব্যুরো: পুরুলিয়া (Purulia) জেলা তৃণমূলের নেতৃত্বকে (TMC) নিয়ে সোমবার কলকাতায় গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অগস্টের শুরু থেকেই জেলাভিত্তিক সাংগঠনিক পর্যালোচনা বৈঠক শুরু করেছেন তিনি। ইতিমধ্যেই অধিকাংশ জেলার সঙ্গে বৈঠক শেষ হলেও পুরুলিয়ার জন্য আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ, গত কয়েক দফার নির্বাচনে পুরুলিয়ায় ঘাসফুল শিবিরের ফলাফল আশানুরূপ হয়নি।
তৃণমূল সূত্রে খবর, বৈঠকে পুরুলিয়ার শীর্ষ নেতৃত্ব, বিধায়ক, জেলা সভাপতি এবং বিভিন্ন শাখা সংগঠনের সভাপতিদের ডাকা হয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে আসন্ন বিধানসভা ভোটের রণনীতি ও সংগঠন পুনর্গঠন। বৈঠকের পরেই একাধিক ব্লক সভাপতির পদে রদবদল হতে পারে বলেই জল্পনা।
জেলা চেয়ারম্যান শান্তিরাম মাহাত জানিয়েছেন, সোমবার বেলা ১২টা থেকে বৈঠক শুরু হবে। “অভিষেকবাবু কী বার্তা দেন, সেটাই দেখার বিষয়,” বলেন তিনি।
২০১৯ লোকসভা থেকে শুরু করে ২০২১ বিধানসভা এবং সাম্প্রতিক ২০২৪ লোকসভাতেও পুরুলিয়ায় বিজেপির কাছে পরাজিত হয়েছে তৃণমূল। পর্যবেক্ষকদের মতে, দলীয় অন্তর্ঘাতের জেরেই কাঙ্ক্ষিত জয় অধরা থেকে গিয়েছে। সেই কারণেই পুরুলিয়ায় সংগঠন ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে নেতৃত্ব।
দলীয় মহলে শোনা যাচ্ছে, হুড়া, পাড়া, রঘুনাথপুর-২, ঝালদা-১, বাঘমুণ্ডি, বলরামপুর, পুঞ্চা, বরাবাজার, পুরুলিয়া-২ এবং কোটশিলা—এই সব ব্লকে সভাপতির পরিবর্তন হতে পারে। একাধিক ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে নেতৃত্বের কাছে। কোথাও গোষ্ঠী কোন্দল, কোথাও কাজে গাফিলতি, কোথাও বা ভোটে আশানুরূপ ফল হয়নি।
অভিষেকের টিম ও পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের রিপোর্ট খতিয়ে দেখেই বদল করা হবে বলে সূত্রের খবর। পাশাপাশি জেলা সভাপতি, চেয়ারম্যান ও বিধায়কদের মতামতকেও গুরুত্ব দেওয়া হবে।
পুরুলিয়ার রাজনৈতিক সমীকরণে এদিনের বৈঠক কতটা পরিবর্তনের সঙ্কেত দেয়, তা নিয়ে কৌতূহল সব মহল।