দলের নেতাদের স্পষ্ট করে জানানো হয়েছে— ঠাকুরবাড়ির পারিবারিক লড়াইয়ে তৃণমূল থাকবে না। রাজনৈতিক লড়াইকে পারিবারিক দ্বন্দ্বের সঙ্গে না মিশিয়ে প্রচারে নামতে হবে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 8 September 2025 14:35
দ্য ওয়াল ব্যুরো: বিধানসভা ভোটের আগে মতুয়া গড়ে (Matua vote bank) বিশেষ নজর শাসকদলের (TMC)। সোমবার বনগাঁ-দমদম সাংগঠনিক জেলার নেতাদের নিয়ে আলাদা বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সূত্রের খবর, বৈঠকে মূল বার্তাই ছিল— অস্বস্তি সরিয়ে রেখে একসঙ্গে লড়াইয়ে নামতে হবে।
সাম্প্রতিক সময়ে মহুয়া মৈত্রর মন্তব্য ঘিরে মতুয়া মহাসঙ্ঘের ক্ষোভ তৃণমূলকে অস্বস্তিতে ফেলেছিল। সেই অস্বস্তি কাটিয়ে ওঠার দিকেই জোর দিয়েছেন অভিষেক। দলের নেতাদের স্পষ্ট করে জানানো হয়েছে— ঠাকুরবাড়ির পারিবারিক লড়াইয়ে তৃণমূল থাকবে না। রাজনৈতিক লড়াইকে পারিবারিক দ্বন্দ্বের সঙ্গে না মিশিয়ে প্রচারে নামতে হবে।
অভিষেকের কথায়, বিজেপি মতুয়াদের ভুল বোঝাচ্ছে। সিএএ-কে হাতিয়ার করে নাগরিকত্বের নামে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। বাস্তবে যে কোনও পরিষ্কার সমাধান হয়নি, সেটাই তুলে ধরতে হবে প্রচারে। তিনি বলেন, ‘‘মতুয়ারা নাগরিকত্বের আশায় বিজেপিকে ভোট দিয়েছিলেন। কিন্তু আজও তাঁরা পরিযায়ী শ্রমিক হিসেবেই আক্রান্ত হচ্ছেন।’’
বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বিতর্কিত মন্তব্য সরিয়ে রেখে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে হবে। বিশেষ করে মতুয়া অধ্যুষিত বিধানসভাগুলিতে প্রচারে জোর দিতে হবে। বাস্তব পরিস্থিতি তুলে ধরে বোঝাতে হবে— কেন্দ্রের প্রতিশ্রুতি কতটা ফাঁপা, আর রাজ্য সরকার কীভাবে পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে প্রান্তিক মানুষদের পাশে দাঁড়াচ্ছে।
রাজনৈতিক মহলের মতে, অভিষেকের এই বার্তা স্পষ্ট করছে— বিধানসভা ভোটে মতুয়া ভোটব্যাঙ্ক যে কতটা গুরুত্বপূর্ণ, তা তৃণমূল ভাল করেই বুঝছে। এখন দেখার, অস্বস্তির আবহ কাটিয়ে কতটা ঐক্যবদ্ধ হতে পারে শাসকদল।