ভুয়ো চাকরি তদন্তে বৃহস্পতিবার দেশের ১৫টি জায়গায় আইপ্যাকের অফিসে একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সাকেত লিখেছেন, বাংলাকে নিয়ে মোদী-শাহের নোংরা কৌশল এবার এক নতুন মাত্রায় পৌঁছেছে।
শেষ আপডেট: 8 January 2026 15:10
দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় আইপ্যাকের (I-PAC) অফিসে ইডি (ED) তল্লাশির ঘটনার তীব্র নিন্দা করলেন তৃণমূলের রাজ্যসভা সদস্য সাকেত গোখলে (Saket Gokhale) ও সাগরিকা ঘোষ (Sagarika Ghose)। সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, ভুয়ো চাকরি তদন্তে বৃহস্পতিবার দেশের ১৫টি জায়গায় আইপ্যাকের অফিসে একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর প্রতিবাদে সাকেত গোখলে এক্সবার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (HM Amit Shah) কাঠগড়ায় তুলে তীক্ষ্ণ শব্দে আক্রমণ শানিয়েছেন।
সাকেত লিখেছেন, বাংলাকে নিয়ে মোদী-শাহের নোংরা কৌশল এবার এক নতুন মাত্রায় পৌঁছেছে। এদিন সকালে তাঁরা তাঁদের কোলের কুকুর (ল্যাপডগ) এজেন্সি ইডিকে আমাদের ভোটপ্রচারের পরিকল্পনা এবং সম্ভাবায প্রার্থী তালিকা, আমাদের ভোট কৌশলের বিস্তারিত তথ্য ও নথি চুরি করতে পাঠিয়েছিলেন। সাকেতের কথায়, গুজরাত জিমখানার এই দুই খিলাড়ি যদি ভেবে থাকেন যে, মমতা (CM Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে লড়াইয়ে এজেন্সিগুলিকে ব্যবহার করবেন, তাহলে তাঁরা বিরাট ভুল করছেন। তিনি দাবি করেন, মোদী-শাহের পতনের প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে। আপনারা শুরু করেছেন এবং এখন আমরা এটা শেষ করে দেব। শেষে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন আবার জিতবে বাংলা।
প্রায় একই সুরে তৃণমূলের রাজ্যসভা এমপি সাগরিকা ঘোষ লিখেছেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফ ইন্ডিয়া এখন নিজেকে নরেন্দ্র মোদী-অমিত শাহের ইলেকশন ডিপার্টমেন্টে (ED) পরিণত করে দিয়েছে। বাংলায় বিধানসভা ভোটের কয়েক মাস আগে তারা দুঃসাহসের নবতম পরিচয় দিয়ে আইপ্যাকের কলকাতা অফিসে হানা দিয়েছে। আসলে বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষা জানিয়ে দিয়েছে যে, তারা ২০২৪ সালের লোকসভা ভোটের চেয়েও আসন্ন বিধানসভা ভোটে আরও খারাপ ফল করবে। অমিত শাহ আপনি কি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী না হয়ে বিজেপির ভোটমন্ত্রী হতে চান, প্রশ্ন তোলেন তৃণমূল নেত্রী।
আইপ্যাকের অফিসে (ipac kolkata office) তল্লাশির নামে ইডিকে ব্যবহার করে বিজেপি তৃণমূলের নির্বাচনী নথি (West Bengal Election) ‘চুরি’ করেছে, এমনই গুরুতর অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার সল্টলেকের সেক্টর ফাইভে আইপ্যাকের অফিসের সামনে দাঁড়িয়েই তিনি দলের পরবর্তী আন্দোলনের রূপরেখা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী জানান, ইডির এই অভিযানের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল চারটে থেকে রাজ্যের ব্লকে ব্লকে মিছিল করবে তৃণমূল কংগ্রেস। তাঁর কথায়, যেভাবে ইডিকে দিয়ে বিজেপি ডাকাতি করেছে, তার প্রতিবাদেই আজ বিকেলে আমাদের কর্মীরা পথে নামবেন।