গত রবিবার কলকাতার মিন্টো পার্ক সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ নিয়মিত মেডিকেল বুলেটিন প্রকাশ করছে।

সৌগত রায়
শেষ আপডেট: 30 June 2025 18:39
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের (Saugata Roy) শারীরিক অবস্থায় এখনও বড়সড় কোনও পরিবর্তন দেখা যায়নি। বর্তমানে তিনি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় রয়েছেন এবং চিকিৎসকদের কড়া নজরদারিতে আছেন।
গত রবিবার কলকাতার মিন্টো পার্ক সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ নিয়মিত মেডিকেল বুলেটিন প্রকাশ করছে। সোমবারের বুলেটিন অনুযায়ী, সৌগতবাবু জ্বরগ্রস্ত, কথা বলতে পারছেন না, তবে সাড়া দিচ্ছেন। রাইস টিউবের মাধ্যমে খাওয়ানো হচ্ছে, ইউরিনারি ক্যাথেটারও ব্যবহার করা হচ্ছে। তরল ও গলা খাবারই আপাতত তাঁর একমাত্র খাদ্য।
শারীরিক জটিলতার মধ্যে রয়েছে টাইপ-টু ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, সর্দি-কাশি, প্রস্রাবের সমস্যা এবং কয়েক মাস আগে বসানো পেসমেকারের বিষয়টিও।
হাসপাতালে ভর্তি হওয়ার পরে তাঁর মাথার সিটি স্ক্যান করা হয়, তবে চিকিৎসকদের মতে তাতে গুরুতর কিছু ধরা পড়েনি। বর্তমানে চিকিৎসক মনোজ সাহার নেতৃত্বে একটি মেডিকেল টিম তাঁর দেখভাল করছে।
উল্লেখ্য, চলতি বছরে এ নিয়ে তৃতীয়বার হাসপাতালে ভর্তি হলেন সৌগত রায়। এর আগে ৩০ এপ্রিল আড়িয়াদহের একটি মন্দির উদ্বোধনের সময় অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি, তখন তাঁকে রথতলায় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ও পেসমেকার প্রতিস্থাপন করা হয়। তারও আগে দিল্লিতে লোকসভা চলাকালীন একবার অসুস্থ হয়ে পড়েছিলেন।
পরিবার ও দলীয় সূত্রের তরফে জানানো হয়েছে, তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে সকলকে শান্ত থাকতে বলা হয়েছে এবং প্রয়োজনীয় সমস্ত চিকিৎসা চলছে।