
শেষ আপডেট: 15 September 2022 07:12
দ্য ওয়াল ব্যুরো: পার্থ চট্টোপাধ্যায়-অনুব্রত মণ্ডল গ্রেফতারের পর এই প্রথম বিধানসভার অধিবেশন (WB Assembly) শুরু হচ্ছে। বৃহস্পতিবার সেই অধিবেশনে তোলপাড় ফেলে দিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা যখন কোমর বেঁধেছেন, তখন আক্রমণ ভোঁতা করতে পাল্টা কৌশল নিয়েছে তৃণমূল (TMC)।
শুভেন্দুদের মূল লক্ষ্য দুর্নীতির অভিযোগের কালি আরও বেশি করে সরকার ও শাসক দলের গায়ে লেপে দেওয়া। পার্থ-অনুব্রত গ্রেফতারের পর তারা ইতিমধ্যেই যেন রক্তের স্বাদ পেয়েছে। তার পর চোর ধরো জেল ভরো স্লোগান তুলে নবান্ন অভিযানে নেমেছে গেরুয়া শিবির। বৃহস্পতিবার সেই স্লোগান তুলেই বিধানসভায় ধুন্ধুমার ফেলে দেওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। বৃহস্পতিবার দিনের শুরু থেকে সেটাই করেছেন তাঁরা। বিধানসভায় ঢুকতে ঢুকতেই তাঁরা স্লোগান তুলেছেন, ‘চোর চোর চোর চোর/পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর’।
এটা আন্দাজ করেই এদিন বিধানসভায় একটি রঙিন পোস্টার হাতে করে ঢুকেছেন অনেক তৃণমূল বিধায়ক। যে পোস্টারের নেপথ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক রয়েছে বলেই মনে করা হচ্ছে। তাতে ছন্দ মিলিয়ে লেখা রয়েছে যে মোদীজি বলছেন, গোটা দেশটাই সেল করে দিতে চান উনি। আর নির্মলা তাই (পড়ুন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন) বলছেন, আমাদের সব আইডিয়া ফেল করে যাবে। আর শুভেন্দু বলছেন, ডোন্ট টাচ মাই বডি, আই অ্যাম মেল।