রাগঢাক না রেখেই বহরমপুর-মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকারকে বিঁধেছেন। অপূর্ব সরকারকে সরাসরি ব্যাকবেঞ্চার বলে কটাক্ষ করেছেন। তিনি জানিয়েছেন, একটা সময় অপূর্ব সরকাররা তার পেছনে বসত। আর এখন তারা তাঁকে প্রাপ্য সম্মানটুকু দিচ্ছেন না। দলের অন্দরেই তিনি পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছেন না।

Humayun Kabir
শেষ আপডেট: 19 July 2025 18:25
তিনি মুখ খুললেই বিতর্ক। বিতর্কিত মন্তব্যের জেরে কখনও পেয়েছেন শোকজ নোটিশ আবার কখনও পেয়েছেন সতর্কবার্তা। এবারও তার অন্যথা হয়নি। কথা হচ্ছে হুমায়ুন কবিরকে নিয়ে। সম্প্রতি ২১ জুলাইয়ের প্রস্তুতিসভার মঞ্চ থেকে আরও একবার বিস্ফোরক মন্তব্য করে উত্তাপ ছড়ালেন। ১৫ অগস্ট পর্যন্ত দেখবেন, এরপর 'অলআউট' লড়াইয়ে নামবেন।
তাঁর এই বক্তব্যের পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে কিসের ইঙ্গিত দিচ্ছেন হুমায়ুন কবির? তবে কি দল ছাড়ার পরিকল্পনা নাকি গোষ্ঠী কোন্দলকে ইঙ্গিত? সমস্ত জল্পনার অবসান ঘটালেন দ্য ওয়ালের এক্সক্লুসিভ সাক্ষাৎকারে। জানিয়ে দিলেন নিজের রাগ ও ক্ষোভের কারণ। স্পষ্ট করে দিলেন ১৫ অগস্টের পর কাদের অলআউট করবেন, কেন করবেন!
হুমায়ুন কবির জানিয়েছেন দল ছাড়ার কোনও প্রশ্নই ওঠে না। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং 'সেনাপতি' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর তাঁর অগাধ আস্থা। তাঁর উপর নেত্রীরও আস্থা রয়েছেন বলে তিনি মনে করেন। তাহলে ক্ষোভটা কাদের উপর প্রশ্ন করতেই অকপটে জানালেন - ক্ষোভের নিশানায় রয়েছে তাঁরই দলের অন্য সদস্যেরা। যাদের বেশ কিছু কর্মকান্ডে তিনি তিতিবিরক্ত। দলের অন্দরে কেউ কেউ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত সেই প্রসঙ্গও তুলে এনেছেন।
রাগঢাক না রেখেই বহরমপুর-মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকারকে বিঁধেছেন। অপূর্ব সরকারকে সরাসরি ব্যাকবেঞ্চার বলে কটাক্ষ করেছেন। তিনি জানিয়েছেন, একটা সময় অপূর্ব সরকাররা তার পেছনে বসত। আর এখন তারা তাঁকে প্রাপ্য সম্মানটুকু দিচ্ছেন না। দলের অন্দরেই তিনি পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছেন না। যাদের কাছ থেকে তিনি সহযোগিতা পাচ্ছেন না মূলত এবার তাদেরকেই অলআউট করার লড়াইয়ে নেমেছেন।
কথা প্রসঙ্গে তিনি স্বীকার করেছেন তাঁর সব কিছুতেই বিতর্ক দানা বাঁধে। বিতর্কের দিক থেকে তিনি হ্যাট্রিক করে ফেলেছেন। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনও সদর্থক পদক্ষেপ নিতে দেখা না গেলেও, তাঁর ( হুমায়ুন কবির) বিরুদ্ধে সর্বদা কঠোর হতে দেখা গিয়েছে দলকে - কেন এই বিভেদ? প্রশ্ন করলে তিনি জানান - মুর্শিদাবাদ এবং বীরভূম এই দুইয়ের মধ্যে কোনও মিল নেই। দুই অঞ্চলের কাজের প্রকৃতি এবং পরিবেশ আলাদা।
তবে ১৫ অগস্টের মন্তব্যের পর নেত্রীর কাছ থেকে কোনও সতর্কবার্তা এসেছে কিনা জানতে চাইলে সোজা জানিয়ে দেন নেত্রীর সঙ্গে তাঁর কোনও কথা হয়নি। তিনি ১৫ অগস্টের পর নিজ দায়িত্বে দলের শুদ্ধিকরণের দায়িত্ব নেবেন বলে জানিয়েছেন দ্য ওয়ালকে।
এখন দেখার অপেক্ষা ১৫ অগস্টের পর হুমায়ুন কবির ঠিক কোন চাল চালতে চলেছেন!