নব্যেন্দু ঘোষের মৃত্যুতে গোটা এলাকায় শোক ও উত্তেজনার আবহ তৈরি হয়েছে। চলতি বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে রাজনৈতিক নেতার এই হত্যাকাণ্ড ঘিরে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
.jpeg.webp)
প্রতীকী ছবি
শেষ আপডেট: 1 January 2026 10:56
দ্য ওয়াল ব্যুরো: নতুন বছর (New Year 2026) যে ভোটের বছর তাই হয়তো জানান দিচ্ছে এই ঘটনা। ২০২৬ সাল শুরু হতে না হতেই রাজনৈতিক ষড়যন্ত্র (Political Conspiracy) করে খুনের অভিযোগ রাজ্যে (West Bengal)। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের (Uttar Dinajpur Raigunj) ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
যুব তৃণমূল কংগ্রেসের (Youth TMC) উত্তর দিনাজপুর জেলা সহ-সভাপতি নব্যেন্দু ঘোষ (৩৭)–কে গুলি করে খুনের অভিযোগ উঠেছে। বর্ষশেষের রাতে (New Year's Eve) বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটানোর মাঝেই তাঁর উপর হামলা চালানো হয় বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জের মোহনবাটি বাজার সংলগ্ন এলাকায় নিজের বাড়ির কাছেই বুধবার রাতে বন্ধুদের সঙ্গে পিকনিক (Picnic) করছিলেন নব্যেন্দু। সেই সময় আচমকাই তাঁর উপর গুলি (Gunshot) চালানো হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত (Death) ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার পুলিশ। মৃতদেহে গুলির ক্ষত রয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে রাতেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।
নব্যেন্দু ঘোষের মৃত্যুতে গোটা এলাকায় শোক ও উত্তেজনার আবহ তৈরি হয়েছে। চলতি বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে রাজনৈতিক নেতার এই হত্যাকাণ্ড ঘিরে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
নব্যেন্দুর পরিবারের অভিযোগ, এটি পরিকল্পিত খুন। ষড়যন্ত্র করে খুন করা হয়েছে। মৃতের মা জানিয়েছেন, বুধবার রাতে বেরোনোর আগে তাঁকে ‘হ্যাপি নিউ ইয়ার’ বলেছিলেন তিনি। তারপর কী থেকে কী হয়ে গেল, কিছুই বুঝতে পারছেন না। নব্যেন্দুর বাবার বক্তব্যও এক। কারও সঙ্গে কোনও শত্রুতা ছিল কিনা, সে ব্যাপারে তিনিও স্পষ্ট কিছু বলতে পারেননি।
পুলিশ জানিয়েছে, কী কারণে এই খুন, আদৌ রাজনৈতিক যোগ রয়েছে কিনা - সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের জেরা করে ঘটনার নেপথ্যের সম্পূর্ণ চিত্র জানার চেষ্টা চলছে।