বিতর্কের সূত্রপাত এক শিক্ষিকাকে ছুটি না দেওয়ার ঘটনা থেকে। ছুটি না মেলায় ওই শিক্ষিকা সুবোধ রায়ের কাছে অভিযোগ জানান।

ঘটনার ছবি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে
শেষ আপডেট: 23 August 2025 15:11
দ্য ওয়াল ব্যুরো: মালদহের (Maldah) হবিবপুর ব্লকের বুলবুল চণ্ডী আরএনরায় বিদ্যানিকেতন বালিকা বিদ্যালয়ের (School) ঘটনা ঘিরে তীব্র বিতর্ক। অভিযোগ উঠেছে, স্কুল পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা (TMC Leader) সুবোধ রায় বিদ্যালয়ে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ঝুম্পা মজুমদারকে শাসানি দিয়েছেন। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ (CCTV Footage) ইতিমধ্যেই ভাইরাল হয়ে জেলা শিক্ষা মহলে হইচই ফেলে দিয়েছে।
পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। ঝুম্পা মজুমদারের অভিযোগ, “বিদ্যালয়ে ঢুকেই সুবোধবাবু চিৎকার-চেঁচামেচি করে বিভিন্নভাবে অপমান করতে থাকেন। ৩৪ বছরের চাকরি জীবনে এতটা অপমানিত হইনি।” তিনি আরও জানান, পরিচালন সমিতির সভাপতি মিড-ডে মিল নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন, এমনকী কমিটি গঠনের ক্ষেত্রেও নিয়ম মানা হয়নি।
বিতর্কের সূত্রপাত এক শিক্ষিকাকে ছুটি না দেওয়ার ঘটনা থেকে। ছুটি না মেলায় ওই শিক্ষিকা সুবোধ রায়ের কাছে অভিযোগ জানান। পরের দিন তিনি সরাসরি স্কুলে গিয়ে প্রধান শিক্ষিকাকে শাসানি দেন। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, তিনি রীতিমতো আঙুল উঁচিয়ে প্রধান শিক্ষিকাকে উদ্দেশ্য করে মন্তব্য করছেন এবং পাশে দাঁড়িয়ে এক শিক্ষিকা কান্নাকাটি করছেন।
অন্যদিকে, সুবোধ রায়ের দাবি সম্পূর্ণ উল্টো। তাঁর কথায়, “দীর্ঘদিন ধরে মিড-ডে মিলের মান খারাপ, পড়াশোনার পরিবেশ নেই, শিক্ষিকারা দল বেঁধে ছুটি নিচ্ছেন। আমি শুধু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে সে বিষয়ে বলেছি। উনিই দুর্ব্যবহার করেছেন।” সুবোধ পাল্টা জেলা বিদ্যালয় পরিদর্শক ও ডি-আই-এর কাছে লিখিত অভিযোগও জমা দিয়েছেন।
ইতিমধ্যেই জেলা প্রশাসন ও শিক্ষা দফতর বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোরও তীব্র হয়েছে।