কী অভিযোগ শুভেন্দু-সুকান্তর বিরুদ্ধে?

সাংবাদিক বৈঠকে কাকলি ঘোষ দস্তিদার ও শশী পাঁজা।
শেষ আপডেট: 9 June 2025 15:52
দ্য ওয়াল ব্যুরো: লক্ষ্মীর ভান্ডার (Laxmi bhandar) নিয়ে কুৎসা করতে গিয়ে বাংলার মহিলাদেরই অপমানিত করছে বিজেপি। এই অভিযোগে সোমবার দুপুরে বারাসত সাংগঠনিক জেলা কার্যালয়ের সাংবাদিক বৈঠক থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীদের (Suvendu Adhikari) ক্ষমা চাওয়ার দাবিতে সরব হল তৃণমূল মহিলা কংগ্রেস।
দলের মহিলা নেত্রী তথা রাজ্যের মন্ত্রী কাকলিঘোষ দস্তিদার এবং শশী পাঁজা বলেন, বাংলার বিজেপি নেতারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছেন। তাই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে ওরা যেভাবে লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গে মহিলাদের উদ্দেশে কুরুচিকর ভাষা ব্যবহার করছেন তার ধিক্কার জানাতেই এই সাংবাদিক বৈঠক। ওরা ক্ষমা না চাওয়া পর্যন্ত এর প্রতিবাদে বাংলাজুড়ে তীব্রতর আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানিয়েছেন তাঁরা।
কী অভিযোগ শুভেন্দু-সুকান্তর বিরুদ্ধে?
কাকলিদেবী বলেন, "সম্প্রতি ওদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন-স্ত্রীর সঙ্গে রাত্রিবেলা থাকলে নাকি মুখ্যমন্ত্রীর মুখ মনে পড়ে! একজন শিক্ষামন্ত্রী হয়ে একথা বলেন কী করে? আর বিরোধী দলনেতা বলছেন- বাংলার মা, মেয়েদের শাঁখা, সিঁদুর ৫০০ টাকায় বিক্রি হবে না, আমরা জিতলে ৩ হাজার টাকা দেব!"
শশী পাঁজা বলেন, "মহিলাদের স্বনির্ভর করতে ২০২১ সালে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন। সেই প্রকল্প এখনও চলছে। এতে প্রতি মাসে বাংলার ২ কোটি ২১ লক্ষ মহিলা উপকৃত হচ্ছেন। অথচ বিজেপি সেই মহিলাদের দাম নির্ধারণ করতে চাইছে। এর চেয়ে লজ্জার আর কী হতে পারে?"
কাকলি-শশী বলেন, বাংলার মেয়েদের প্রতি বিজেপি নেতাদের এই অপমান তৃণমূল মহিলা কংগ্রেস মেনে নেবে না। ওরা ক্ষমা না চাওয়া পর্যন্ত ওদের ধিক্কার জানিয়ে রাজ্যজুড়ে কর্মসূচি পালন করা হবে।
রবিবার সন্দেশখালির একটি সভা থেকে শুভেন্দু এই মন্তব্য করেন বলে উল্লেখ করে কাকলি বলেন, "এই সেই সন্দেশখালি যেখানে গত বছর লোকসভা ভোটের আগে মহিলাদের অল্প কিছু টাকার বিনিময়ে সাদা কাগজে সই করিয়ে মিথ্যে নারী নির্যাতনের অভিযোগ লেখানো হয়েছিল। পরে স্ট্রিং অপারেশনে বিজেপির সেই মুখোশ খুলে যায়।"
কাকলি-শশীরা বলেন, "শুভেন্দু-সুকান্তদের মুখের ভাষা থেকেই স্পষ্ট ওরা বাংলার মা, বোনেদের কী চোখে দেখে। আগামী বিধানসভা ভোটে বাংলার মানুষ এর যোগ্য জবাব দেবে।'' এ ব্যাপারে শুভেন্দু-সুকান্তর প্রতিক্রিয়া জানা গেলে প্রতিবেদনে আপডেট করা হবে।