চিঠিতে উল্লেখ করা হয়েছে, ভোটার তালিকার রেফারেন্স হিসেবে ২০০২ সালের তালিকা ব্যবহারের স্পষ্ট নির্দেশ থাকলেও, কুলপি এলাকার একাধিক বুথে ২০০৩ সালের তালিকাকে ভিত্তি হিসেবে ধরে ভোটার ম্যাপিং চলছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 3 November 2025 23:32
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনার কুলপি (Kulpi) বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় সংশোধনের (SIR) প্রক্রিয়া নিয়ে অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস (TMC)।
অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের প্রধান নির্বাচন আধিকারিকের কাছে পাঠানো চিঠিতে দাবি করা হয়েছে - আইন অনুযায়ী বাধ্যতামূলক ২০০২ সালের এসআইআর ভোটার তালিকার (SIR Voter List) পরিবর্তে ইচ্ছাকৃত/ভুলক্রমে ২০০৩ সালের পুরনো নির্বাচনী রোল ব্যবহার করা হচ্ছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ভোটার তালিকার রেফারেন্স হিসেবে ২০০২ সালের তালিকা ব্যবহারের স্পষ্ট নির্দেশ থাকলেও, কুলপি এলাকার একাধিক বুথে ২০০৩ সালের তালিকাকে ভিত্তি হিসেবে ধরে ভোটার ম্যাপিং চলছে। সোমবার এই বিষয়টি সামনে এনে অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)।
তারপরই তৃণমূলের পক্ষ থেকে কমিশনকে (ECI) চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে পাঁচটি বিষয় তুলে ধরা হয়েছে -
১) ২০০২ সালের বৈধ ভোটার তালিকা ‘অদৃশ্য’। নির্বাচন কমিশন ১৯৫০ সাল থেকে ভোটার তালিকা সংরক্ষণের দায়িত্বে। তাহলে বৈধ তালিকাটি হঠাৎ কোথায় গেল, প্রশ্ন তৃণমূলের।
২) বুথভেদে আলাদা ভোটার তালিকার ব্যবহার। একই বিধানসভায় কোথাও ২০০২ সালের রোল, কোথাও ২০০৩ - কেন এই অনিয়ম, প্রশ্ন তোলা হয়েছে সেই বিষয় নিয়ে।
৩) ২০০৩ সালের তালিকা Non-SIR হওয়ায় তাতে ভুল থাকার সম্ভাবনা বেশি। তবুও সেটাকেই ভিত্তি করা হয়েছে!
৪) কমিশন বিপজ্জনক নজির তৈরি করছে। এই সিদ্ধান্ত ভবিষ্যতে ভোটার বঞ্চনা ও নির্বাচনী প্রক্রিয়ার অপব্যবহারের সুযোগ তৈরি করতে পারে - দাবি তৃণমূলের।
৫) স্বচ্ছতা ও পরামর্শের অভাব। এমন সিদ্ধান্ত নিতে রাজনৈতিক দল বা স্টেকহোল্ডারদের সঙ্গে কোনও আলোচনা হয়নি।
চিঠিতে নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং ভোটার তালিকা সংক্রান্ত প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে করার জন্য ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। সূত্রের খবর, এই ইস্যুতে রাজ্যের সিইও দফতর দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করেছে।