শাসক দলের এও বক্তব্য, বিএলও সংগঠনগুলি অভিযোগ করছে, এই বিষয়টি প্রশাসনিক পর্যায়ে বিভ্রান্তি তৈরি করেছে। কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিকের বক্তব্যের সঙ্গে ফিল্ড সফটওয়্যারের নির্দেশিকা না মেলায় ভোটার তালিকা সংশোধনের কাজে জটিলতা বাড়ছে।

ফাইল ছবি
শেষ আপডেট: 7 November 2025 15:55
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যেজুড়ে (West Bengal) ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া ঘিরে ফের বিতর্ক। তৃণমূল কংগ্রেস (TMC) অভিযোগ করেছে, আত্মীয়ের তথ্য (Relative Information) সংক্রান্ত নির্দেশিকা নিয়ে নির্বাচন কমিশনের (ECI) বক্তব্য ও বিএলও-দের (BLO) কাছে থাকা নির্দেশ নিয়ে অসঙ্গতি তৈরি হয়েছে এবং তাতে বিপাকে পড়েছেন বুথ লেভেল অফিসাররা (BLOs)। রাজ্যের একাধিক জেলায় কার্যত স্থবির হয়ে পড়েছে ডেটা এন্ট্রির কাজ। এই নিয়ে তাঁরা কমিশনকে চিঠিও দিয়েছে।
তৃণমূল বলছে, বাংলায় এসআইআর ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন, ভোটার তালিকার তথ্য সংগ্রহের সময় নাগরিক চাইলে নিজের নামের পাশাপাশি আত্মীয়ের তথ্যও দিতে পারবেন। তিনি স্পষ্টভাবে বলেন, চাচা বা কাকার মতো ঘনিষ্ঠ আত্মীয়ের নামও ফর্মে উল্লেখ করা যাবে। অর্থাৎ, শুধু বাবা-মা বা দাদু-দিদিমা নয়, অন্য রক্তের সম্পর্কও স্বীকৃত বলে কমিশনের ব্যাখ্যা ছিল।
কিন্তু বিএলও ব্যবহৃত কমিশনের অফিসিয়াল সফটওয়্যার BLO App-এ ‘relative’ অংশে কেবল সীমিত বিকল্পই দেখা যাচ্ছে - বাবা, মা, ছেলে, মেয়ে, নাতি, নাতনি ও ট্রান্সজেন্ডার। সেখানে কাকা, পিসি, ভাইবোন বা অন্য আত্মীয়ের জন্য কোনও বিকল্প নেই। ফলে কমিশনের মৌখিক ব্যাখ্যা ও সফটওয়্যারের কাঠামোর মধ্যে বড় ধরনের অসঙ্গতি তৈরি হয়েছে। যার ফলে বহু প্রকৃত নাগরিকের তথ্য BLO-রা আপলোড করতে পারছেন না।
শাসক দলের এও বক্তব্য, বিএলও সংগঠনগুলি অভিযোগ করছে, এই বিষয়টি প্রশাসনিক পর্যায়ে বিভ্রান্তি তৈরি করেছে। কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিকের বক্তব্যের সঙ্গে ফিল্ড সফটওয়্যারের নির্দেশিকা না মেলায় ভোটার তালিকা সংশোধনের কাজে জটিলতা বাড়ছে।
তাঁরা চাইছে, এখনই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের উচিত স্পষ্ট নির্দেশ জারি করা, যাতে সফটওয়্যার ও মৌখিক ব্যাখ্যার মধ্যে মিল থাকে। না হলে, ‘বিশেষ নিবিড় সংশোধন’-এর গতি ব্যাহত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে।
তথ্য বলছে, বুধবার রাত ৮টা পর্যন্ত ১ কোটি ১০ লক্ষেরও বেশি ফর্ম বিলি করা হয়েছিল গোটা রাজ্যে (West Bengal)। আর বৃহস্পতিবার রাত ৮টার হিসেব বলছে সেই সংখ্যা ছাড়িয়েছে ২ কোটিরও বেশি। কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত ২.০১ কোটি এনামুরেশন ফর্ম বিলি করা হয়েছে রাজ্যজুড়ে।
রাজ্যে মোট ৮০,৬৮১টি বুথে এই কাজ চলছে। কমিশনের (Election Commission) তথ্য অনুযায়ী, বিএলও-দের পাশাপাশি স্বীকৃত সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই ৬০ হাজারেরও বেশি বুথ লেভেল এজেন্ট (BLA appointments) নিয়োগ করেছে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, পার্টির মধ্যে বিজেপি (BJP) সবচেয়ে এগিয়ে, তাঁদের নিযুক্ত বিএলএ সংখ্যা ৩৭ হাজার ৭০০। তৃণমূলের (TMC) সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৩৬৪, সিপিএমের সংখ্যা ২৯ হাজার ১৬০ এবং কংগ্রেসের ৬ হাজার ৯৯৯।