
শেষ আপডেট: 5 July 2022 18:34
দ্য ওয়াল ব্যুরো: ক্যালেন্ডারের পাতায় ঠিক একমাসের ব্যবধান। ৫ জুন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিবৃতি দিয়ে জানিয়েছিল, তারা সব ধর্মকে মর্যাদা দেয়। ধর্ম অবমাননাকারীদের দল সমর্থন করে না।
বিজেপি (TMC-BJP) এই বিবৃতি জারি করার আগে ভারতে ইসলামের অবমাননার অভিযোগে সরব হয়েছিল আরব দুনিয়ার একাংশ। টেলিভিশনের অনুষ্ঠানে ইসলামের নবী মহম্মদ সম্পর্কে বিজেপির তৎকালীন মুখপাত্র নূপুর শর্মার আপত্তিজনক মন্তব্য ঘিরে দেশেরও নানা প্রান্তে প্রতিবাদ সংগঠিত হতে থাকে। মিডিয়াকে ধরে নিতে হয় নূপুরের বক্তব্যকে খণ্ডন এবং তাঁর থেকে দূরত্ব তৈরির জন্য বিজেপির সাধারণ সম্পাদক অরুণ সিং ওই বিবৃতি দিয়েছেন। কারণ, বিবৃতিতে কোথাও মহম্মদের অবমাননা, নূপুরের নাম ইত্যাদির উল্লেখ ছিল না।

নূপুরকে এরপর সাময়িক বরখাস্ত করে দল। সবটাই ঘটে দেশে-বিদেশে বিরূপ প্রতিক্রিয়া ও অশান্তি দেখা দেওয়ার পর।
মা কালী নিয়ে মহুয়ার বক্তব্য উড়িয়ে দিল কালীঘাট! পাশে নেই তৃণমূল
সেদিক থেকে ঠিক একমাসের মাথায় ৫ জুলাই অনেকটা একই ধরনের ঘটনায় তৃণমূল কংগ্রেস (TMC-BJP) দ্রুত পদক্ষেপের পাশাপাশি অনেক স্পষ্ট করেই দলের অবস্থান জানিয়েছে। কালী নিয়ে দলের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের বক্তব্য নিয়ে অস্থিরতা তৈরির আগেই ঘটনার উল্লেখ করে বিবৃতি দিয়েছে তৃণমূল। প্রসঙ্গ ও মহুয়ার নাম উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, কালী সম্পর্কে তিনি যা বলেছেন তা তাঁর ব্যক্তিগত অভিমত। দল তাঁর বক্তব্য অনুমোদন করে না।

নূপুরকে নিয়ে বিজেপির বিবৃতির 'ধরি মাছ, না ছুঁই পানি' অবস্থান ঘিরে অনেকেই সরব হন তখন। মহম্মদের অবমাননার কারণেই নূপুরের থেকে দল দূরত্ব তৈরি করল, এমন কথা স্পষ্ট করে তো নয়ই, কোনওরকম আভাসও ছিল না সেই বিবৃতিতে।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, মেরুকরণের রাজনীতির অঙ্ক মাথায় রেখেই ওই বিবৃতির বয়ান তৈরি করে বিজেপি। ঘটনা হল, আরব দুনিয়া সহ বিশ্বের নানা প্রান্ত থেকে নূপুরের মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হলেও আজ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি জেপি নাড্ডার মতো নেতারা নূপুরের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেননি। নূপুর প্রসঙ্গে মুখ খোলেননি দলের কোনও নেতাই। বরং, পরোক্ষে অনেকেই নূপুরের সাজা নিয়ে প্রশ্ন তুলেছেন বলে দলীয় সূত্রের খবর। হায়দরাবাদে দুদিন আগে অনুষ্ঠিত বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকেও ধর্ম অবমাননা, দেশে ক্রমবর্ধমান ঘৃণা ভাষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে কোনও প্রস্তাব গ্রহণ করা হয়নি।