
শেষ আপডেট: 30 November 2023 16:46
দ্য ওয়াল ব্যুরো: বুধবার বিধানসভায় চোর চোর স্লোগান উঠেছিল। তৃণমূল এবং বিজেপির বিধয়াকরা পরস্পরের দিকে চোর, চোর স্লোগানে সরব হয়েছিলেন। বৃহস্পতিবারও সেই স্লোগান উঠল! বাড়তি সংযোজন হিসেবে বিধানসভায় বিধায়কদের হাতে দেখা গেল থালা! কিছুক্ষণ পর দেখা গেল বাঁশিও।
‘তৃণমূলের সবাই চোর’ বনাম ‘মোদী অমিত দুটোই চোর’ এর সঙ্গে বৃহস্পতিবার বাড়তি সংযোজন, থালা বাজিয়ে বিক্ষোভে সামিল হলেন দু’দলের বিধায়কেরা। তারই মাঝে বিধানসভার বারান্দায় বিজেপি বিধায়ক মনোজ টিগ্গাকে দেখা যায় বাঁশি বাজাতে। কিছুক্ষণ পরেই বাঁশির সংখ্যা বেড়ে যায়।
যা দেখে বুধবারের মতো বৃহস্পতিবারও পথ চলতি অনেকে বিধানসভার পাঁচিলের পাশে দাঁড়িয়ে পড়েন। শাসক এবং বিরোধী দলের বিধায়কদের থালা এবং বাঁশি বাজানোর দৃশ্য দেখে অনেকে কৌতূহলী হয়ে পড়েন। বিধায়কদের এমন কাণ্ড কারখানা দেখে জনতার মধ্যে শুরু হয় হাল্কা হাসি মস্করাও।
দুর্নীতি বনাম বঞ্চনার ইস্যুতে বুধবার সকাল থেকেই উত্তেজনার পারদ চড়ছিল শহর কলকাতায়। অমিত শাহ সভা সেরে ফিরে যেতেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভায় হাজির হন বিজেপি বিধায়করা। অন্যদিকে শাসক শিবিরের ধর্না বিক্ষোভের নেতৃত্বে ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারের সেই দৃশ্য ফিরল বৃহস্পতির দুপুরেও।
তৃণমূলের ধর্না বিক্ষোভ থেকে স্লোগান উঠল, ‘ওয়ান, টু, থ্রি, ফোর বিজেপির সবাই চোর।’ স্লোগানের তালে তালে বাজানো হচ্ছে থালাও। পাল্টা হিসেবে বিজেপির শিবির থেকে স্লোগান উঠল, ‘দিদি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর’। গেরুয়া শিবিরেরও স্লোগানের সঙ্গী সেই থালা!