মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে বুধবারের পরও বৃহস্পতিবার সকালেও কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। তবে দুটি ক্ষেত্রেই পুলিশ তাঁদের আটক করে নিয়ে যায়।

গ্রাফিক্স- দ্য ওয়াল।
শেষ আপডেট: 29 May 2025 13:31
দ্য ওয়াল ব্যুরো: নবান্ন (Nabanna)। রাজ্য প্রশাসনের সর্বোচ্চ কার্যালয়। এখানে নিরাপত্তার (Security) কড়াকড়ি থাকবে, এটাই স্বাভাবিক। তবে বুধবার থেকে সেই নিরাপত্তার বহর যেন আরও বেড়েছে। বৃহস্পতিবারও সেই দৃশ্য দেখা গেল। আই কার্ড (I Card) দেখে তবেই ভেতরে প্রবেশের ছাড়পত্র মিলছে।
নবান্নের সামনের এবং পিছনের দুটি গেটেই পুলিশের এই কড়াকড়ির কারণ কী? এ ব্যাপারে সরকারি ভাবে পুলিশের তরফে আলাদা কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে পুলিশ সূত্রের খবর, গত ক'দিন ধরে চাকরিহারা শিক্ষকদের (SSC Jobless Teachers)) একাংশ যেভাবে রাজপথে আন্দোলন তীব্রতর করেছে, তার প্রেক্ষিতেই এই সর্তকতা।
পুলিশের এমন আশঙ্কা যে অমূলক ছিল না, তার প্রমাণও মিলেছে। নবান্নের গেটে ৪ জন চাকরিহারা এসেছিলেন। তবে নিরাপত্তার কড়াকড়ির কারণে ভিজিটর গেটে এসে তাঁদের দাবি সম্বলিত চিঠি জমা দিয়ে ফিরে যায়।
মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে বুধবারের পরও বৃহস্পতিবার সকালেও কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। তবে দুটি ক্ষেত্রেই পুলিশ তাঁদের আটক করে নিয়ে যায়। পুলিশের এক কর্তা বলেন, 'কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে না পেরে চাকরিহারাদের একাংশ নবান্নেও চলে আসতে পারে বলে খবর রয়েছে। সে কারণেই বাড়তি সতর্কতার ব্যবস্থা করা হয়েছে'।
প্রসঙ্গত, স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় ঢালাও দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ (SSC SCAM)তুলে গোটা প্যানেলটাই বাতিল করে নতুন করে নিয়োগের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের সেই নির্দেশ মেনে ৩০ মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার (Mamata Banerjee)। গত মঙ্গলবার নবান্নে এই মর্মে সাংবাদিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। সেই সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ৩১ মে-র মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করে হলফনামা পেশ করতে হবে। সর্বোচ্চ আদালতের সেই নির্দেশ মেনে ৩০ মে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে (SSC New Recruitment)।
এরপরই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে চাকরিহারাদের একাংশ বুধবার হাজরা থেকে কালীঘাটের উদ্দেশ্যে মিছিল করার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে তাঁদের আটক করে পুলিশ। বৃহস্পতিবার সকালেও কালীঘাট অভিযানের (Kalighat Abhijan) সিদ্ধান্ত নিয়েছিলেন 'যোগ্য' চাকরিহারারা (Jobless Teachers)। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আসতেই আটক (Detained) করা হয় ওই প্রতিনিধি দলের ৬ সদস্যকে। অনেকের মতে, সেকারণেই নবান্নের নিরাপত্তা আরও আঁটসাঁট করা হল।