দীর্ঘদিন ধরে ওই গ্রামের শ্রমিকরা বিহারের নবীনগর এনটিপিসি ১ নম্বর গেট এলাকায় বিভিন্ন জিনিস ফেরি করেন। আক্রান্ত ওই যুবকরা জানান, দু’দিন আগে ফেরি করতে গেলে কয়েকজন ব্যক্তি প্রথমে তাদের বাইকের চাবি কেড়ে নেয়। পরে মারধর করে।

শেষ আপডেট: 28 September 2025 13:13
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: বিহারে ফেরি করতে গিয়ে আক্রান্ত হলেন হরিহরপাড়ার তিন পরিযায়ী শ্রমিক। জখম নাসির শেখ, দিলওয়ার হোসেন ও জালিম শেখের বাড়ি হরিহরপাড়া থানার প্রদীপডাঙা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই গ্রামের শ্রমিকরা বিহারের নবীনগর এনটিপিসি ১ নম্বর গেট এলাকায় বিভিন্ন জিনিস ফেরি করেন। আক্রান্ত ওই যুবকরা জানান, দু’দিন আগে ফেরি করতে গেলে কয়েকজন ব্যক্তি প্রথমে তাদের বাইকের চাবি কেড়ে নেয়। এরপর আধার কার্ড দেখতে চায়। আধার কার্ড দেখিয়েও রক্ষা পাননি। বাংলাদেশি তকমা দিয়ে তিনজনকে ব্যাপক মারধর করে এলাকার মানুষ। এই ঘটনায় গুরুতর আঘাত পেয়েছেন ওই তিনজন।
শনিবার রাতে আহত অবস্থাতেই ঘরে ফিরে আসেন তাঁরা। জানান, বাংলাদেশি সন্দেহে মারধর করা হয়েছে তাঁদের। বারবার কাকুতি মিনতি করেছেন তাঁরা, কিন্তু কান দেয়নি কেউ। মারধর করে তাদের রাস্তায় ফেলে পালিয়ে যায় ওই দুষ্কৃতীরা। কোনওরকমে সেখান থেকে উঠে প্রাথমিক চিকিৎসা করিয়ে ঘরে ফেরেন নাসির, দিলওয়ার ও জালিম। ঘরে ফিরেও আতঙ্ক কাটেনি তাঁদের।
এ ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। রবিবার সকালে বিধায়ক নিয়ামত শেখের নির্দেশে হুমাইপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেস নেতা শফিকুল শেখ ও চন্দন মণ্ডল আক্রান্ত শ্রমিকদের বাড়িতে গিয়ে তাঁদের খোঁজখবর নেন। পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন তাঁরা। গত কিছুদিন ধরেই ভিনরাজ্যে কাজে গিয়ে বারবার আক্রান্ত হচ্ছেন এই রাজ্যের পরিযায়ী শ্রমিকরা। বাংলাদেশি সন্দেহে এলাকার বাসিন্দারাই যে শুধুমাত্র চড়াও হচ্ছেন তাই নয়, পুলিশের হেনস্থার মুখেও পড়তে হচ্ছে। সেই তালিকাতেই এবার নাম জুড়ল নাসির, দিলওয়ার ও জালিমের।