
শেষ আপডেট: 7 November 2023 11:58
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: হাওড়ায় সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা। জাতীয় সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল গাড়ি। দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন নয়জন। কীভাবে দুর্ঘটনা ঘটল খতিয়ে দেখছে পুলিশ।
মঙ্গলবার হাওড়ার সলপ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, মেচেদা থেকে পান কিনে এক দল ব্যবসায়ী গাড়িতে করে কলকাতার দিকে আসছিলেন। প্রত্যক্ষদর্শীদের জানিয়েছেন, হঠাৎ বিকট শব্দে গাড়িটির টায়ার ফেটে যাওয়ার শব্দ শুনতে পান স্থানীয়রা। এরপরই হাওড়ায় জাতীয় সড়কের উপরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। উল্টে যায় গাড়িটি। গাড়িতে থাকা প্রচুর পরিমাণে পান এবং সুপারি রাস্তায় ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় পুলিশে। গাড়িতে ছিলেন প্রায় বারো জন। তাঁদের মধ্যে নয়জন গুরুতর আহত হয়েছেন।
আহত এক ব্যবসায়ী জানিয়েছেন, মেচেদা পাইকারি বাজার থেকে পান কিনে কলকাতায় বিক্রি করেন তাঁরা। সপ্তাহে অন্তত তিন দিন তাঁরা মেচেদা থেকে কলকাতায় আসেন। এরপর কলকাতার নাগেরবাজার, শ্যামবাজার সহ একাধিক জায়গায় পান, সুপারি বিক্রি করে থাকেন। এদিনও তাঁরা পাইকারি মাল কিনে কলকাতার দিকে আসছিলেন। সেই সময়ে জাতীয় সড়কে ঘটে যায় এই দুর্ঘটনা।
রাস্তায় পান বোঝাই গাড়ি উল্টে যেতে দেখেই ঘটনাস্থলে ছুটে যান স্থানীয়রা। দ্রুত উদ্ধারকাজে হাত লাগান এলাকাবাসীরা। পরে পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।