বাড়ির কলের জল খেয়ে অসুস্থ হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল মালদহের (Malda Death) বৈষ্ণবনগর থানার চক বাহাদুরপুর গ্রামে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 22 August 2025 15:24
দ্য ওয়াল ব্যুরো: বাড়ির কলের জল খেয়ে অসুস্থ হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল মালদহের (Malda Death) বৈষ্ণবনগর থানার চক বাহাদুরপুর গ্রামে। মৃতদের নাম পুষ্প মণ্ডল (৬৫), বুল্টি মণ্ডল (৩৫) এবং পিউ মণ্ডল (১০)। তাঁরা সকলে ওই গ্রামেরই বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পরিবারের তিনজন টিউবওয়েলের জল পান করার কিছুক্ষণ পরেই অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁদের প্রথমে বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্থানান্তর করা হয় মালদহ মেডিক্যাল কলেজে। পরে গুরুতর অসুস্থ অবস্থায় এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় বুল্টি মণ্ডলের। এরপর পুষ্পা দেবী ও পিউকে ফের মালদহ মেডিক্যালে নিয়ে যাওয়া হলে কয়েক ঘণ্টার ব্যবধানে তাঁদেরও মৃত্যু হয়।
মৃতদের পরিবারের সদস্য স্বপন মণ্ডল জানান, “বৃহস্পতিবার রাতে শাশুড়ি, বৌমা ও নাতনি খাওয়াদাওয়ার পর ঘুমিয়েছিলেন। ভোরে উঠে শরীরে চুলকানি হচ্ছে বলে জানান। তখন তেল মেখে দেওয়া হয় এবং কলের জল খাওয়ানো হয়। কিছুক্ষণের মধ্যেই আরও অসুস্থ হয়ে পড়েন তিনজন। এরপরই তাঁদের একে একে হাসপাতালে নিয়ে যেতে হয়।”
পুলিশ ও প্রশাসনের প্রাথমিক অনুমান, বিষক্রিয়ার কারণেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে। মালদহের পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, মৃতদেহগুলিকে ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।