
শেষ আপডেট: 9 January 2024 17:29
দ্য ওয়াল ব্যুরো, মেদিনীপুর: প্রায়ই চিকিৎসার গাফিলতির নিয়ে বহু অভিযোগ শোনা যায়। অনেক সময় দেখা যায় রোগীর আত্মীয়রা হাসপাতাল ভাঙচুর করছেন। কিন্তু ডাক্তারবাবুদের মানবিক মুখ দেখাও খুব বিরল ঘটনা নয়। সম্প্রতি এক শিশুকে বাঁচাতে চিকিৎসক যা করলেন তা নজির হয়ে থাকার মতো ঘটনা। নিজের রক্ত দিয়ে তিন দিনের শিশুর প্রাণ বাঁচালেন ডাক্তারবাবু। চিকিৎসকের এমন পদক্ষেপে প্রশংসায় পঞ্চমুখ সকলে।
পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা এলাকার এক দম্পতি সন্তানের জন্ম দেন। জন্মের পর থেকে ওই শিশুর বিলিরুবিনের পরিমাণ বাড়তে থাকে। তিন দিনের মধ্যে শিশুর রক্তে বিলিরুবিন অনেকটাই বেড়ে যাওয়ায় শিশুর প্রাণ সংশয় দেখা দেয়। শিশুর বাবা-মা সন্তানকে নিয়ে কোলাঘাটের বেসরকারি নার্সিংহোমের শিশু বিশেষজ্ঞ ডাক্তার প্রবীর ভৌমিকের সঙ্গে দেখা করেন।
প্রবীরবাবু শিশুটিকে পরীক্ষা করার পরে বুঝতে পারেন, তাকে বাঁচাতে গেলে রক্ত পরিবর্তনের প্রয়োজন রয়েছে। রাত হয়ে যাওয়ায় রক্ত জোগার করা মুশকিল ছিল। এরকম পরিস্থিতি যে কোনও সময়ই তৈরি হতে পারে ভেবে ডাক্তারবাবু নিজেই তাঁর রক্ত সংরক্ষিত রেখেছিলেন নার্সিংহোমে। উপায় না দেখে ডাক্তারবাবু সদ্যোজাতকে নিজের রক্ত দিতে উদ্যোগী হন। নতুন রক্ত শরীরে প্রবেশ করতেই শিশুর দেহে বিলিরুবিনের মাত্রা কমতে থাকে।
ডাঃ প্রবীর ভৌমিক বলেন, ''শিশুর শরীরে বিলিরুবিনের পরিমাণ বেড়ে গিয়েছিল। রক্ত এক্সচেঞ্জ না করলে ব্রেনে প্রভাব পড়ত। গভীর রাত হয়ে যাওয়ায় রক্ত সংগ্রহ করতে পরিবারকে সমস্যায় পড়তে হত। তাই নিজেই রক্ত দিয়েছি।''