২০১৪ সালের ঘটনা। কড়েয়া থানা এলাকার বুন্ডেল গেটে রুটি কিনতে গিয়েছিল এক কিশোরী। অভিযোগ, সেই সময় তিন যুবক তাকে জোর করে একটি গাড়িতে তোলে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 15 July 2025 18:50
দ্য ওয়াল ব্যুরো: শহর কলকাতায় ১০ বছর আগে ঘটে যাওয়া কড়েয়া গণধর্ষণ মামলায় (Karaya Rape Case) তিন অভিযুক্তকে বেকসুর খালাস (Acquittal) করল আদালত। সরকারি আইনজীবীর তরফে জানানো হয়েছে, তদন্তে পুলিশের গাফিলতির কারণেই এই রায়। বিশেষ করে যে গাড়িতে ধর্ষণের অভিযোগ ছিল, সেটি উদ্ধার করতে না পারার কথা উল্লেখ করেছেন তিনি।
২০১৪ সালের ঘটনা। কড়েয়া থানা এলাকার বুন্ডেল গেটে রুটি কিনতে গিয়েছিল এক কিশোরী। অভিযোগ, সেই সময় তিন যুবক তাকে জোর করে একটি গাড়িতে তোলে। কিশোরীর দাবি ছিল, মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গাড়ির ভিতরেই তাকে ধর্ষণ করা হয়েছিল।
ঘটনার পরে পুলিশ একজনকে গ্রেফতারও করে। অভিযুক্ত ছিলেন স্থানীয় বাসিন্দা। তিনি জামিন পেলেও, অভিযোগ ওঠে, জামিনে মুক্ত হওয়ার পরে ফের ওই কিশোরীর এক আত্মীয়াকে ধর্ষণ করেন তিনি। সেই মামলায় ফের গ্রেফতার হয়েছিলেন মূল অভিযুক্ত এবং দীর্ঘদিন জেল হেফাজতে ছিলেন।
তবে আদালতে চলা বিচারপর্বে উঠে আসে, পুলিশের তদন্তে বেশ কিছু গাফিলতি রয়েছে। মূল প্রমাণ হিসেবে যে গাড়ির কথা বলা হয়েছিল, তা উদ্ধার হয়নি। আগ্নেয়াস্ত্র সংক্রান্ত কোনও নিশ্চিত প্রমাণও পেশ করতে পারেনি তদন্তকারী সংস্থা। ফলে তথ্যপ্রমাণের অভাবে তিন অভিযুক্তকে বেকসুর খালাস করে দিল আদালত।
ঘটনাটি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা ও তদন্ত পদ্ধতি নিয়ে। বিশেষজ্ঞমহল বলছে, এত বড় একটি ঘটনায় তদন্তে এই ধরনের গাফিলতি অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রকৃত অপরাধীদের শাস্তি না হলে আইন ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা কোথায় থাকবে, এই প্রশ্নও উঠছে।