বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে চোর। ঘরের দুটি আলমারি ভেঙে সেখান থেকে সোনার গয়না ও নগদ প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়।

শেষ আপডেট: 13 January 2026 15:57
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: চুরি করতে এসে কম্বল লুঠ করল চোরেরা। শীতের রাতে শুধু সোনা বা টাকা নয়, উষ্ণতাও খুঁজে নিল চোর।
ঘটনাটি ঘটেছে গুসকরা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের আলুটিয়া সৎসঙ্গ মন্দির সংলগ্ন এলাকায়। সোমবার সন্ধ্যারাতে পোস্ট অফিসের কর্মী রানা বিশ্বাসের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা গিয়েছে, রানা ও তাঁর স্ত্রী কয়েকদিন আগে শ্বশুরবাড়ি গিয়েছিলেন। মঙ্গলবার তাঁদের বাড়ি ফেরার কথা ছিল। শনিবার বিকেলে রানার মা সীমা বিশ্বাস বাড়িতে তালা দিয়ে গুসকরার শান্তিপুরে বাপের বাড়িতে বেড়াতে যান।
বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে চোর। ঘরের দুটি আলমারি ভেঙে সেখান থেকে সোনার গয়না ও নগদ প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। তবে এখানেই শেষ নয়, পরিবারের দাবি, শীতের সন্ধ্যায় চোরেরা ঘরের কম্বল পর্যন্ত নিয়ে গেছে। এই কথা জানাজানি হতেই শোরগোল পড়ে।
ঘটনার পর বাড়িতে ফিরে ভাঙা দরজা ও লণ্ডভণ্ড ঘর দেখে অবাক হয়ে যান সীমা বিশ্বাস। তিনি জানান, টাকা ও গয়না-সহ লক্ষাধিক টাকার জিনিস নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। সন্ধের সময়ে এই ধরনের দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। এর সঙ্গে কম্বল চুরি জন্ম দিয়েছে কৌতুহলের।
কিছুদিন আগেই একই এলাকায় একটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছিল। পরপর চুরির ঘটনায় আতঙ্ক বাড়ছে এলাকাবাসীর মধ্যে। খবর পেয়ে গুসকরা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। চোরদের শনাক্ত করতে তল্লাশি চালানো হচ্ছে।