এখানেই না থেমে তৃণমূলের নেতাদের উদ্দেশে তাঁর হুঁশিয়ারি, "তৃণমূলে যাঁরা বাঘ, ভাল্লুক হয়ে বসে আছে, তাঁদের জিজ্ঞেস করুন কাল থেকে শান্তিতে ঘুমোতে পারছে নাকি হুমায়ুনের আওয়াজ কানে লাগছে!"
.jpeg.webp)
হুমায়ুন কবীর।
শেষ আপডেট: 8 December 2025 15:42
দ্য ওয়াল ব্যুরো: ভরতপুরের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir) ছাব্বিশের ভোটে জেতা তো দূরস্ত নিজের জামানতও রক্ষা করতে পারবেন না বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন তৃণমূলের একাধিক নেতা। যার জবাবে এবার নিজের সদ্য প্রাক্তন দলকে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হুমায়ুন।
এদিন সংবাদ মাধ্যমকে তিনি বলেন, "মুর্শিদাবাদ জেলায় তৃণমূল (Trinamool , Murshidabad district) বলে কিছু থাকবে না। ২০১১ সালের আগে ছিল না। ১৬ তে ৪টে আসন পেয়েছিল। ২১ এ আমরা ছিলাম বলে ২০টা হয়েছিল। এবারে শূন্য করে দেব। এটা আমার চ্যালেঞ্জ।"
এখানেই না থেমে তৃণমূলের নেতাদের উদ্দেশে তাঁর হুঁশিয়ারি, "তৃণমূলে যাঁরা বাঘ, ভাল্লুক হয়ে বসে আছে, তাঁদের জিজ্ঞেস করুন কাল থেকে শান্তিতে ঘুমোতে পারছে নাকি হুমায়ুনের আওয়াজ কানে লাগছে!"
গত শনিবার মুর্শিদাবাদের বেলডাঙায় মসজিদের শিলান্যাস করেছেন হুমায়ুন। তার দুদিন আগেই তাঁকে দল থেকে সাসপেন্ড করে তৃণমূল। এরপর থেকেই ক্রমেই সুর চড়াচ্ছেন ভরতপুরের বিধায়ক। তৃণমূল এবং মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন, বাম জমানায় ৩৪ বছরে মুসলিমরা কিছুই পাইনি, ইউজ অ্যান্ড থ্রো করা হয়েছে। একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ও মুসলমানদের টুপি মেরে ১৪ বছর ধরে মিথ্যাচারের রাজনীতি করে ক্ষমতায় রয়েছে। কিছু ইমামকে ভাতা দেয়। তাই তাঁরা তাঁবেদারি করছে।
এই প্রসঙ্গে নাখোদা মসজিদের ইমামের নামোল্লেখ করে হুমায়ুন বলেন, "শফিক সাহেব তাঁর ছেলে, মেয়ে মেয়রের আন্ডারে ব্যবসা করছে। তাঁরা স্বপ্ন দেখছে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি প্রধানমন্ত্রী হবে, আগে মুখ্যমন্ত্রীর পদটা আটকাক। তারপরে তো প্রধানমন্ত্রী হওয়ার কথা!"
আগামী ২২ ডিসেম্বর মুর্শিদাবাদের টেক্সটাইল মোড়ে লাখো মানুষের জমায়েত থেকে নতুন দল গঠনের ঘোষণা করা হবে জানিয়ে হুমায়ুন বলেন, "সেকুলার পার্টি করব, হিন্দু মেজোরিটি সিটেও প্রার্থী দেব, তবে আমার টার্গেট অবহেলিত, বঞ্চিত সিট। মুসলিমদের বলব, কারও ওপর ভরসা কোরো না। তোমরা মুসলমানদের নিয়ে চলো। পাতাখোর, গাঁজাখোর, সুদখোরদের ভোট দিও না। যাঁরা সাচ্চা মুসলমান হবে তাদের ভোট দিয়ে তোমাদের শক্তি জানান দাও। ১৩৫ একর মধ্যে ৯০টা মুসলিম অধ্যুষিত সিটে আমরা জিতব। হায়দরবাদে ওয়াইসির সঙ্গে জোট করব। রাতে কথাও হয়েছে। উনি আমাকে বলেছেন, আপনি বাংলার ওয়াইসি! আমাদের জোটে আর কারা কারা থাকবেন পরে জানতে পারবেন।"
হুমায়ুনকে গদ্দার বলে কটাক্ষ করেছিলেন কলকাতার মেয়র ফিরদা। এ প্রসঙ্গে এদিন হুমায়ুন বলেন, "ববি হাকিমকে বলব- তুমি কত বড় মুসলমান, তোমাকে বন্দর সিটে জবাব দেব। আর তোমার যদি হিমমৎ থাকে তাহলে আসো রেজিনগর, ভরতপুর দুটো সিটে লড়ে দেখাও, তোমার জামানত জব্দ করব।"
হুমায়ুন জানান, রাজ্যের ৩০ লাখ পরিযায়ী শ্রমিকদের বেশিরভাগ মুসলমান, তাদের যেন বাইরে যেতে না হয়, তাই এই নতুন দল। নয়া দলে তাঁর সঙ্গে তৃণমূলের আরও এক বিধায়ক যোগ দেবেন বলেও জানিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক।