.webp)
শেষ আপডেট: 29 March 2024 20:38
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের সঙ্গেই বরাহনগর ও ভগবানগোলা বিধানসভার উপ নির্বাচন হবে। শুক্রবার ওই দুটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে তৃণমূল। বরাহনগরে শাসকদল প্রার্থী করেছে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। সায়ন্তিকাই যে শাসকদলেক সম্ভাব্য প্রার্থী, তা আগেই লেখা হয়েছিল দ্য ওয়ালে।
ভগবানগোলায় এবারে শাসকদলের প্রার্থী রিয়াত হোসেন সরকার। কে এই রিয়াত? দলীয় সূত্রের খবর, রিয়াত ভগবানগোলা-১ নম্বর ব্লকের ব্লক সভাপতির পদে রয়েছেন। একই সঙ্গে রয়েছেন জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ পদেও। আগে ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। রিয়াতের বাবা প্রয়াত রেয়াজউদ্দিন সরকারও আগাগোড়া ডানপন্থী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আগে কংগ্রেসে। পরে তৃণমূলে যোগ দেন। বাবার সূত্রে রিয়াতও তৃণমূলে যোগ দেন।
এর আগে ভগবানগোলার বিধায়ক ছিলেন তৃণমূলের ইদ্রিস আলি। করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই ভাঙতে শুরু করেছিল তাঁর শরীর। চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তৃণমূল বিধায়কের। একাধিক রোগে ভুগছিলেন বসিরহাট লোকসভার প্রাক্তন সাংসদ ইদ্রিস আলি।
একুশের ভোটে ভগবানগোলা থেকে লক্ষাধিক ভোটে জয়ী হয়েছিলেন ইদ্রিস। তার আগের ভোটে অর্থাৎ ২০১৬ সালে এই বিধানসভা থেকেই ১ লাখ ৫ হাজার ৩৭ ভোটে জয়ী হয়েছিলেন সিপিএম প্রার্থী মহসিন আলি। দ্বিতীয় স্থানে ছিল তৃণমূল প্রার্থী।
ভগবানগোলা আসনটি সংখ্যালঘু অধ্যুষিত। ৬২ শতাংশ মুসলিম ভোট রয়েছে এখানে। সেকারণেই স্থানীয় সংখ্যালঘু মুখ হিসেবে দল রেয়াত হোসেন সরকারকে প্রার্থী করেছে বলে মনে করা হচ্ছে। তবে বিরোধীদের নিয়ে খুব একটা ভাবিত নন তৃণমূল প্রার্থী রিয়াত হোসেন সরকার। তিনি বলেন, "এখানে প্রতিপক্ষ বলে কেউ নেই। জয় নিয়ে আমি ১০০ শতাংশ নিশ্চিত।"