
শেষ আপডেট: 8 February 2024 19:19
দ্য ওয়াল ব্যুরো: জবকার্ড হোল্ডারদের বছরে ৫০ দিনের কাজ নিশ্চিত করল রাজ্য। এরজন্য চালু হল কর্মশ্রী প্রকল্প। বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানালেন, ১০০ দিনের প্রকল্পে কেন্দ্র বরাদ্দ বন্ধ করায় বহু শ্রমিক তাঁদের ন্যয্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন। এই অবস্থা থেকে বেরোতেই জবকার্ড হোল্ডারদের অন্তত ৫০ দিনের কাজ নিশ্চিত করছে রাজ্য সরকার। চলতি বছরের মে মাস থেকে এই প্রকল্প শুরু হবে।
আবাস যোজনার টাকা নিয়েও কেন্দ্রের সঙ্গে টানাপড়েন চলছে। বাজেট ঘোষণার সময় এল সেই প্রসঙ্গও। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "আবাস যোজনার টাকার জন্য আরও এক মাস অপেক্ষা করব। তারপরও কেন্দ্র সরকার টাকা না দিলে রাজ্য সরকার এই বিষয়টিও বিবেচনা করবে।"
একশো দিনের কাজের টাকা ও আবাস যোজনার টাকা নিয়ে দীর্ঘদিন ধরে কেন্দ্রের সঙ্গে টানাপড়েন চলছে রাজ্যের। এই টাকা আদায়ের জন্য রাজ্যের তরফে বারবার দিল্লিতে ধরনা দেওয়া হয়েছে। কিন্তু বরফ গলেনি। অতি সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, ২১ শে ফেব্রুয়ারির মধ্যে রাজ্যের ২১ লক্ষ জবকার্ড হোল্ডারের অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা দেবে রাজ্য। এই খাতে চলতি অর্থবর্ষে ৩৭০০ কোটি টাকা বরাদ্দ করা হয়। রাজ্য বাজেটেও জবকার্ড হোল্ডারদের জন্য এই বিকল্প চিন্তার প্রতিফলন দেখা গেল। চালু হল কর্মশ্রী প্রকল্প।
জবকার্ড হোল্ডারদের ৫০ দিনের কাজ নিশ্চিত করতে কর্মশ্রী প্রকল্প চালু#statebudget2024 #MamataBanerjee #tmc #WestBengal #karmashree pic.twitter.com/3qnlbYs9wf
— The Wall (@TheWallTweets) February 8, 2024
বাজেট ভাষণে অর্থমন্ত্রী বলেন, "কেন্দ্রীয় সরকার অনৈতিকভাবে একশো দিনের টাকা বন্ধ করে রাজ্যের প্রান্তিক মানুষের জীবিকার ন্যুনতম অধিকার কেড়ে নিয়েছে। গত দু'বছর ধরে রাজ্য সরকার বিভিন্ন দফতরের সহায়তায় এইসব মানুষের পাশে দাঁড়াতে ৮,২৯৭ কোটি টাকা ব্যয়ে ৩৯ কোটি কর্মদিবসের ব্যবস্থা করেছে। এই সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারকে মান্যতা দিয়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার নিজস্ব সঙ্গতিতে কর্মশ্রী নামের নতুন প্রকল্প চালু করেছে। এই প্রকল্পে রাজ্য সরকার রাজ্যের সমস্ত জবকার্ড হোল্ডারের ৫০ দিনের কাজ নিশ্চিত করবে।"