কমিশন খেয়াল করে দেখেছে এমন অনেক রাজ্য সরকারি কর্মচারী রয়েছেন যাঁরা এ রাজ্য বাদ দিয়েও অন্য রাজ্যের ভোটার ছিলেন বা এখনও আছেন। সেই ১০ লক্ষ সরকারি কর্মীকেই হলফনামা জমা দিতে হবে।
.jpeg.webp)
মনোজ আগরওয়াল
শেষ আপডেট: 6 January 2026 14:20
দ্য ওয়াল ব্যুরো: দু'জায়গায় ভোটার লিস্টে (Voter List) নাম থাকলে এক জায়গায় কাটাতে হবে। সরকারি কর্মীদের ডিক্লারেশন (Declaration Form) ফর্ম পাঠাচ্ছে কমিশন। সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্য সরকারের (State Government) দফতরগুলিকে চিঠি পাঠিয়ে হলফনামা চাওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে।
সূত্রের খবর, কমিশন খেয়াল করে দেখেছে এমন অনেক রাজ্য সরকারি কর্মচারী রয়েছেন যাঁরা এ রাজ্য বাদ দিয়েও অন্য রাজ্যের ভোটার ছিলেন বা এখনও আছেন। সেই ১০ লক্ষ সরকারি কর্মীকেই হলফনামা জমা দিতে হবে। যদিও এর জন্য এখনই কোনও সময়সীমার কথা জানা না গেলেও যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়া শেষ করতে হবে বলে জানানো হয়েছে কমিশনের তরফে। যদি দু'জায়গায় নাম থাকে, তাহলে এসআইআর-এর মাধ্যমে তা বাদ পড়ে যাবে। সেক্ষেত্রে এনুমারেশন ফর্ম ইস্যু হবে একটাই।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটার তালিকায় নাম বাদ দেওয়ার জন্য ৭ নম্বর ফর্ম পূরণ করতে হবে। নিজের নাম অন্য জায়গায় ট্রান্সফার করাতে হলেও একাধিক নথি জমা দিতে হয়। তবে কমিশন দেখেছে, রাজ্য সরকারের অনেক কর্মীর নাম এখনও দু'জায়গায় থেকে গিয়েছে।
কমিশনের পক্ষ থেকে বিষয়টির কারণ স্পষ্ট করা হয়েছে। রাজ্য সরকারের কর্মীরা শুধুমাত্র একটি জায়গাতেই ভোটার হিসেবে নথিভুক্ত থাকতে পারবেন— এই তথ্যটি তাঁদেরই দায়িত্ব নিয়ে জানাতে হবে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেন, তাহলে সেই তথ্য হলফনামা হিসেবে কমিশনের কাছে জমা থাকবে। পরবর্তী ক্ষেত্রে সেই নথির ভিত্তিতেই কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ইতিমধ্যেই এই সংক্রান্ত প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
জানা গিয়েছে, বিভিন্ন সরকারি দফতরের কর্মীদের জন্য আলাদা করে এই ফর্ম চালু করা হয়েছে এবং তা বিভিন্ন স্কুলেও পাঠানো হয়েছে। ফর্মে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে, তাঁদের নাম অন্য কোনও জায়গার ভোটার তালিকায় রয়েছে কি না। যদি থাকে, তবে সেই নাম বাদ দেওয়ার জন্য তাঁরা কোনও উদ্যোগ নিয়েছেন কি না, কিংবা কোথাও আবেদন জমা দিয়েছেন কি না সেসব তথ্যও জানাতে হবে।