
শেষ আপডেট: 8 December 2023 13:21
দ্য ওয়াল ব্যুরো: কড়া নিরাপত্তার ঘেরাটোপে আগামী ২৪ ডিসেম্বর রাজ্যে প্রাথমিক টেট পরীক্ষা হতে চলেছে। পরীক্ষাকেন্দ্রগুলি পুরোপুরি থাকবে মোবাইল মুক্ত। পরীক্ষার্থীরা তাবিজ-মাদুলি বা ধাতব কোনও কিছু পরে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবে না। পর্ষদের কড়া নির্দেশ, কোনও বিশ্বাস বা ভাবাবেগের কথা বলে এই নিয়ম অমান্য করা যাবে না।
গত বছর পর্ষদের অবজার্ভাররা আগাম অনুমতি নিয়ে এবং রেকর্ড রেখে মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পেরেছিলেন। কিন্তু এবার তাতেও নিষেধাজ্ঞা থাকছে। সেক্ষেত্রে পর্ষদের সঙ্গে যোগাযোগ করতে হলে তাঁদের বাইরে গিয়ে ফোন করতে হবে। মোবাইল ফান জমা রাখার জন্য তৈরি হবে 'ক্লোক রুম'। একইসঙ্গে গয়না তো বটেই, ধাতব কোনও কিছু নিয়েও কেন্দ্রে প্রবেশ করা যাবে না বলে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে।
গত বছর টেটে গয়না এবং শাঁখা-পলার মতো বৌবাহিক চিহ্ন খোলানো নিয়ে বিতর্ক তৈরি হয়ছিল। তাতে অবশ্য সেই সিদ্ধান্ত থেকে এবারও পিছু হটছে না পর্ষদ। মোবাইল ফোন, ক্যালকুলেটর বা পেন ড্রাইভের মতো ইলেকট্রনিক ডিভাইস তো বটেই, ওয়ালেট, সানগ্লাস, ঘড়ি, বোর্ড ইত্যাদি নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকা যাবে না। নিষেধের তালিকায় রয়েছে জলের বোতল, প্লাস্টিকের ব্যাগ, ফলের জুসও। অর্থাৎ শুধুমাত্র পেন ও পরিচয়পত্র নিয়েই হলে ঢুকতে পারবেন পরীক্ষার্থীরা।
এছাড়াও গতবারের মতো এবারও সারাদেহ তল্লাশি করে পরীক্ষার্থীদের কেন্দ্রে ঢোকানো হবে। সন্দেহ হলে সিটে গিয়েও প্রার্থীকে তল্লাশি করতে পারে কর্তৃপক্ষ। গতবারের মতো এবারও গেটেও বায়োমেট্রিক পদ্ধতিতে পরীক্ষার্থীর পরিচিতি যাচাই করা হবে।
কয়েক মাস পরই লোকসভা ভোট। এদিকে শাসকদলের একের পর এক নিয়োগ দুর্নীতিতে সরব বিরোধীরা। লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ জড়িত টেট পরীক্ষায় কোনও অঘটন ঘটলেই বিরাধীরা নতুন ইস্যু তৈরি করতে পারে। তাই বজ্র আঁটুনিতে টেট পরীক্ষা সম্পন্ন করতে চাইছে পর্ষদ।
প্রসঙ্গত, প্রাথমিকভাবে ১০ ডিসেম্বর প্রাথমিকের TET পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু গত সোমবার সেই দিল বদলে ২৪ ডিসেম্বর টেট পরীক্ষার দিন ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদষ। আর এখানেই দানা বেঁধেছে বিতর্ক। কারণ ২৪ ডিসেম্বরেই কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতাপাঠের আয়োজন করেছে গীতাপাঠ কমিটি। যেখানে উপস্থিত থাকার কথা নরেন্দ্র মোদীর। আর প্রধানমন্ত্রীর শহরে আসা মানেই নিরাপত্তার আঁটসাঁট। শহরজুড়ে যান নিয়ন্ত্রণ। সেই পরিস্থিতিতে পরীক্ষার্থীরা ঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারবেন তো? সেবিষয়ে ইতিমধ্যে সরকারকে বিঁধেছে বিরোধীরা।