
শেষ আপডেট: 4 December 2023 16:43
দ্য ওয়াল ব্যুরো: এবছরে নির্ধারিত দিনে হচ্ছে না টেট। সোমবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামী ১০ ডিসেম্বর প্রাথমিকের নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু সেই পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। কবে হবে এবারের টেট পরীক্ষা, তা জানিয়ে দিল পর্ষদ।
প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে গৌতম পাল জানিয়েছিলেন, প্রতি বছর নেওয়া হবে টেট। সেই মোতাবেক ২০২২ সালের ডিসেম্বর মাসে টেট হয়েছিল। মাস কয়েক আগেই ২০২৩ সালেও টেটের দিনক্ষণ ঘোষণা করেছিল পর্ষদ। কিন্তু ১০ ডিসেম্বরে টেট হওয়ার নিয়ে জটিলতা দেখা দিয়েছিল। জল্পনা শুরু হয়েছিল আদৌ নির্ধারিত দিনে নিয়োগ পরীক্ষা হবে তো! সেই জল্পনাই সত্যি হল পরীক্ষার দিন বদলের বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়ার পর।
বিজ্ঞপ্তিতে পর্ষদ জানিয়েছে, আগামী ১০ ডিসেম্বর বেলা ১২টা থেকে এবারের টেট নেওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য পরিস্থিতির কারণে সেই পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে। আগামী ২৪ ডিসেম্বর নেওয়া হবে প্রাথমিক নিয়োগের পরীক্ষা।
রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে। হাইকোর্টে এই বিষয়ে একাধিক মামলা চলছে। সেখানে বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে পর্ষদকে। নিয়োগ দুর্নীতির অভিযোগের তদন্ত করছে সিবিআই। এই মামলায় গ্রেফতার হয়েছেন পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য সহ আরও কয়েকজন।
তার মধ্যে এখনও পুরনো নিয়োগই সম্পন্ন হয়নি। নিয়োগ প্রক্রিয়া বারবার বাধা পাচ্ছে। এমনকী ২০২২ সালে নেওয়া টেটের নিয়োগ এখনও শেষ হয়নি। সেই নিয়ে টেট উত্তীর্ণরা আন্দোলনও করছেন। এমন অবস্থায় ফের নতুন করে টেট নেওয়ার যৌতিকতা নিয়ে প্রশ্ন উঠেছিল আগেই। যদিও পর্ষদের বক্তব্য ছিল, কেন্দ্রীয় আইন অনুযায়ী প্রতি বছর টেটের ব্যবস্থা করা হচ্ছে। যদিও আগের নিয়োগ নিয়ে পর্ষদ কোনও সদুত্তর দিতে পারেনি।