বৃহস্পতিবার সকাল থেকেই খাগড়াবাড়িতে পরিস্থিতি ছিল থমথমে। বিজেপির অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা ও তাঁর অনুগামীরা বুধবার গভীর রাতে আচমকা এসে প্রচারযাত্রার রথের সামনে ভাঙচুর চালায়।

ফাইল ছবি
শেষ আপডেট: 5 March 2026 14:11
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Elections 2026) দোড়গোড়ায়। আর তার আগেই রাজনৈতিক ময়দানে তৎপরতা বাড়িয়েছে বিভিন্ন দল। সেই আবহে পরিবর্তনের ডাক দিয়ে রাজ্যজুড়ে 'পরিবর্তন যাত্রা' (BJP Paribartan Yatra) শুরু করেছে বিজেপি। তবে এই কর্মসূচিকে ঘিরেই বৃহস্পতিবার নতুন করে উত্তেজনা ছড়াল কোচবিহারের খাগড়াবাড়ি (Cooch Behar Khagrabari) এলাকায়। পরিবর্তন যাত্রার রথে হামলার অভিযোগকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে চলে এসেছে বিজেপি ও তৃণমূল।
বৃহস্পতিবার সকাল থেকেই খাগড়াবাড়িতে পরিস্থিতি ছিল থমথমে। বিজেপির (BJP) অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা ও তাঁর অনুগামীরা বুধবার গভীর রাতে আচমকা এসে প্রচারযাত্রার রথের সামনে ভাঙচুর চালায়। বিজেপির দাবি, এই হামলার নেতৃত্বে ছিলেন তৃণমূলের এক যুব নেতা। তাঁর নেতৃত্বেই একদল কর্মী এসে রথ লক্ষ্য করে আক্রমণ চালায় বলে অভিযোগ উঠেছে।
বিজেপি নেতাদের বক্তব্য, কয়েক দিন আগেই একই এলাকায় রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর হামলার অভিযোগ উঠেছিল। সেই একই অঞ্চলে আবারও তাঁদের প্রচারযাত্রা লক্ষ্য করে আক্রমণ চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বাড়তে থাকে।
বৃহস্পতিবার সকালে খাগড়াবাড়ির বিভিন্ন রাস্তায় দুই দলের কর্মী-সমর্থকদের জটলা চোখে পড়ে। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে ছিলেন বহু মানুষ। তাঁদের মধ্যে কয়েক জনের হাতে বাঁশ ও লাঠিও দেখা গিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। ফলে যে কোনও সময় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। আইনশৃঙ্খলা বজায় রাখতে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। সম্ভাব্য সংঘাত এড়াতে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।
ঘটনাকে ঘিরে দুই পক্ষের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও। তৃণমূলের বক্তব্য, এসআইআরের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে। তাঁদের দাবি, এই ঘটনার পিছনে সেই ক্ষোভেরই প্রতিফলন থাকতে পারে।
অন্যদিকে বিজেপি পাল্টা অভিযোগ তুলেছে, এলাকায় দীর্ঘদিন ধরেই তাঁদের কর্মী-সমর্থকদের উপর হামলা ও ভয় দেখানোর চেষ্টা চলছে। বিজেপি নেতৃত্বের দাবি, কোচবিহার সীমান্তবর্তী এলাকা হওয়ায় অনুপ্রবেশের সমস্যা রয়েছে এবং সেই পরিস্থিতিকে কাজে লাগিয়েই তৃণমূল রাজনৈতিকভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করছে।
এই ঘটনার পর খাগড়াবাড়িতে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলেই মনে করছেন স্থানীয় পর্যবেক্ষকেরা। নির্বাচনের আগে এমন সংঘাতমুখর পরিস্থিতি যে রাজ্যের রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।