দ্য ওয়াল ব্যুরো : বাজারে এল টাটা পাঞ্চের নতুন স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (SUV)। তার দাম ৫ লক্ষ ৪৯ হাজার টাকা। তার ডিজাইনের সঙ্গে সাফারি, হ্যারিয়ার ও আরও কয়েকটি মডেলের মিল আছে। তবে বেশ কয়েকটি নিজস্ব বৈশিষ্ট্যও আছে এই গাড়ির। মোট সাতটি রং-এ পাওয়া যাবে টাটা পাঞ্চ। সেগুলি হল টর্নাডো ব্লু, ক্যালিপসো রেড, মেটিওর ব্রোঞ্জ, অ্যাটমিক অরেঞ্জ, ট্রপিক্যাল মিস্ট, ডেটোনা গ্রে এবং অরকাস হোয়াইট। পর্যবেক্ষকদের ধারণা, আগামী দিনে বাজারে মারুতি সুজুকি ইগনিস, নিসান ম্যাগনাইট, রেনল্ট কিগার এবং মাহিন্দ্রা কেইউভি ১০০-র প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে এই নতুন এসইউভি।
টাটা পাঞ্চের দৈর্ঘ্য ৩৮২৭ মিলিমিটার, প্রস্থ ১৭৪২ মিলিমিটার এবং উচ্চতা ১৬১৫ মিলিমিটার। তার হুইলবেস ২৪২৫ মিলিমিটার, গ্রাউন্ড স্টোরেজ ক্লিয়ারেন্স ১৮৭ মিলিমিটার। গাড়ির বুট স্টোরেজ ক্যাপাসিটি ৩৬৬ লিটার। গাড়ির দরজা খুলবে ৯০ ডিগ্রি কোণ অনুযায়ী। ফলে সহজেই ওঠানামা করা যাবে। গাড়িতে থাকবে ডি কাট মাল্টিফাংশন স্টিয়ারিং হুইল।
টাটা পাঞ্চ এসইউভি-তে আছে ১.২ রেভট্রন পেট্রল ইঞ্জিন। গাড়িতে প্রাপ্তবয়স্কদের জন্য থাকছে ফাইভ স্টার প্রটেকশন সিস্টেম। কমবয়সীদের জন্য আছে ফোর স্টার প্রটেকশন সিস্টেম। গাড়িতে আছে ডুয়েল এয়ারব্যাগ, রিভার্স পার্কিং ক্যামেরা, ফ্রন্ট ফগ ল্যাম্প, ট্রাকশন কন্ট্রোল মোড এবং ৩৭০ মিলিমিটার ওয়াটার ওয়েডিং ক্যাপাবিলিটি।
এর আগে অক্টোবরের শুরুতেই জানা যায়, ১৮ হাজার কোটি টাকা দিয়ে এয়ার ইন্ডিয়া কিনছে টাটা সন্স। একসময় টাটা সন্সই এয়ার ইন্ডিয়ার মালিক ছিল। ৫০ বছর আগে কেন্দ্রীয় সরকার সংস্থাটি অধিগ্রহণ করে। টাটা ফের এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ১০০ শতাংশ শেয়ারের মালিক হচ্ছে। একইসঙ্গে তারা গ্রাউন্ড হ্যান্ডলিং কোম্পানিরও ৫০ শতাংশ শেয়ার পাচ্ছে।
২০২১ সালের ৩১ অগাস্ট এয়ার ইন্ডিয়ার মোট ঋণ ছিল ৬১ হাজার ৫৬২ কোটি টাকা। তার মধ্যে ১৫ হাজার ৩০০ কোটি টাকা শোধ করবে টাটা সন্স। বাকি ৪৬ হাজার ২৬২ কোটি টাকা শোধ করবে এয়ার ইন্ডিয়া অ্যাসেট হোল্ডিং লিমিটেড নামে সরকারের এক স্পেশাল পারপাস ভেহিকল।
অসামরিক বিমান চলাচল মন্ত্রকের সচিব রাজীব বনসল বলেন, যাঁরা এয়ার ইন্ডিয়া কিনছেন, তাঁরা আগামী এক বছরের মধ্যে কোনও কর্মীকে ছাঁটাই করবেন না। এক বছর পরে যদি ছাঁটাই করেন, তাহলে কর্মীদের ভিআরএস দিতে হবে। এর পাশাপাশি প্রত্যেক কর্মীকে দিতে হবে গ্রাচুইটি ও প্রভিডেন্ড ফান্ড।
বনসল জানান, এয়ার ইন্ডিয়াতে এখন ১২ হাজার ৮৫ জন কর্মী আছেন। তাঁদের মধ্যে ৮০৮৪ জন স্থায়ী কর্মী। এছাড়া চুক্তিভিত্তিক কর্মী আছেন ৪০০১ জন। এছাড়া এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে কর্মীর সংখ্যা ১৪৩৪।
টাটা সন্সের পাশাপাশি এয়ার ইন্ডিয়া কেনার চেষ্টা করেছিলেন স্পাইসজেটের চেয়ারম্যান অজয় সিং। গত মাসে শোনা গিয়েছিল, টাটা সন্সই এয়ার ইন্ডিয়া কিনছে। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, এখনও কিছুই ঠিক হয়নি।