অভিযোগ, বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় মৃত্যু হয় চতুর্থ শ্রেণির ছাত্রী তামান্না খাতুনের।

গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 24 June 2025 12:38
দ্য ওয়াল ব্যুরো: উপনির্বাচনের (Kaliganj bY Election) জয়োল্লাস মিছিল থেকে ছোড়া বোমায় একরত্তির মৃত্যু হয়েছে। সোমবার তৃণমূল প্রার্থী আলিফা খাতুনের জয়ের পর কালীগঞ্জের বিজয় উৎসব পরিণত হয় শোকে।
অভিযোগ, বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় মৃত্যু হয় চতুর্থ শ্রেণির ছাত্রী তামান্না খাতুনের। ওই ঘটনার তদন্তে নেমে জেলা পুলিশ ইতিমধ্যে চারজনকে গ্রেফতারও করেছে। তবে রাজ্য পুলিশ নয়, ঘটনায় সিবিআই (CBI) তদন্তের দাবি তুললেন নিহতের মা।
তামান্নার মায়ের অভিযোগ, শুধুমাত্র সিপিআইএম-কে ভোট দেওয়ার কারণেই তাঁদের বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। ‘‘আমার মেয়েকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। সঠিক বিচার চাই। CBI তদন্ত করুক,’’ বললেন শোকে ভেঙে পড়া মা।
তামান্নার মা জানান, সোমবার দুপুরে তাঁরা খেতে বসেছিলেন। বাইরে বিজয় মিছিলের শব্দ শুনতে পাচ্ছিলেন। সেই সময় মিছিল থেকে তাঁদের বাড়ি লক্ষ্য করে একাধিক বোমা ছোড়া হয় বলে অভিযোগ। সেই বোমারই একটি এসে লাগে তমান্নার শরীরে। মায়ের হাত ছাড়িয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ বছরের তমান্নার।
ঘটনার পর কৃষ্ণনগর পুলিশ জেলার এসপি ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ‘‘স্প্লিন্টার দুর্ঘটনাবশত ছিটকে এসে পড়েছিল। এর জেরে ওই মর্মান্তিক ঘটনা ঘটে।’’ তবে পুলিশের এই ব্যাখ্যা মানতে নারাজ তমান্নার পরিবার।
পরিবার এবং এলাকার বাসিন্দারা অভিযোগ, ‘‘বাম সমর্থক পরিবারগুলিকে টার্গেট করেই এই হামলা। শুধু তমান্নার বাড়ি নয়, একাধিক বাড়িতে বোমা ছোড়া হয়েছে। এটা নিছক দুর্ঘটনা নয়, পরিকল্পিত হামলা। রাজ্য পুলিশ দিয়ে তদন্ত হলে প্রকৃত অপরাধীদের আড়াল করা হতে পারে। তাই সিবিআই তদন্ত হওয়া দরকার।’’
তাৎপর্যপূর্ণভাবে, বিজেপি ও সিপিআইএম-এর তরফেও এই ঘটনায় CBI তদন্তের দাবি জানানো হয়েছে। তাঁদের অভিযোগ, ‘‘রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই হামলা। দোষীদের সাজা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।’’