নদিয়ার পলাশী স্টেশন থেকে সিপিএম (CPIM) সমর্থকদের সঙ্গে কলকাতায় রওনা দেন তামান্নার বাবা-মা। উল্লেখ্য, কালীগঞ্জে উপনির্বাচনের ফল ঘোষণার পর তৃণমূলের বিজয় উল্লাস চলাকালীন বোমাবাজির ঘটনায় প্রাণ হারায় চতুর্থ শ্রেণির ছাত্রী তামান্না।

তামান্না হাতুনের বাবা-মা
শেষ আপডেট: 9 August 2025 12:29
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালে (RG Kar) মহিলা চিকিৎসক-ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় এক বছর পূর্ণ হচ্ছে। সেই ঘটনার প্রতিবাদে আগামী ৯ অগস্ট, শনিবার, কলকাতার বিভিন্ন এলাকায় মিছিল, বিক্ষোভ ও সমাবেশের ডাক দেওয়া হয়েছে। নবান্ন অভিযানের (Nabanna Ab) আহ্বান জানিয়েছেন আরজি করের নির্যাতিতার বাবা-মা, যা সমর্থন করেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং বিজেপির (BJP) রাজ্য নেতৃত্ব। পাশাপাশি, চিকিৎসকদের একাংশ কালীঘাট অভিযানের (Kalighat) ডাক দিয়েছেন।
এই নবান্ন অভিযানে যোগ দিতে নদিয়ার পলাশী স্টেশন থেকে সিপিএম (CPIM) সমর্থকদের সঙ্গে কলকাতায় রওনা দেন তামান্নার বাবা-মা। উল্লেখ্য, কালীগঞ্জে উপনির্বাচনের ফল ঘোষণার পর তৃণমূলের বিজয় উল্লাস চলাকালীন বোমাবাজির ঘটনায় প্রাণ হারায় চতুর্থ শ্রেণির ছাত্রী তামান্না। তার পরিবারের অভিযোগ, অধিকাংশ অভিযুক্ত এখনও ধরা পড়েনি। তামান্নার মা জানান, মেয়ের হত্যার বিচার চাইতে তিনি নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে নবান্ন অভিযানে হাঁটবেন।
প্রাক্তন বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের মৃত্যুর পর তাঁর মেয়ে আলিফাকে তৃণমূল কালীগঞ্জ আসনের উপনির্বাচনে প্রার্থী করে। ১৯ জুন ভোট এবং ২৩ জুন গণনা শেষে তৃণমূলের জয়ের পর শাসকদল কর্মীরা বিজয় মিছিল বের করে। অভিযোগ, সেই মিছিল থেকেই সিপিএম কর্মীদের বাড়ি লক্ষ্য করে সকেট বোমা ছোড়া হয়, যাতে প্রাণ হারায় তামান্না।
অন্যদিকে, এদিনের হাওড়া সিটি পুলিশ শান্তিপূর্ণভাবে আন্দোলনের আহ্বান জানিয়েছে। মাইকিং করে জানানো হচ্ছে— কোনওভাবেই ব্যারিকেড অতিক্রম করা যাবে না এবং আদালতের নির্দেশ মেনে প্রতিবাদ করতে হবে। নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে পুলিশ।