বুধবার রাতে তাজপুর বিচের কাছে আচমকা নজরে আসে জলে ভাসমান দুটি দেহ। স্থানীয় বাসিন্দারাই প্রথম বিষয়টি টের পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মন্দারমণি কোস্টাল থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধার করা হয় দেহগুলি।

তাজপুর
শেষ আপডেট: 2 April 2026 15:05
দ্য ওয়াল ব্যুরো: তালসারিতে শ্যুটিং করতে গিয়ে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর (Rahul Arunoday Banerjee death) স্মৃতি এখনও তাজা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের সমুদ্রতটে মৃত্যুর ছায়া। পূর্ব মেদিনীপুরের তাজপুরে ঘটে গেল আর এক দুর্ঘটনা - সমুদ্রে তলিয়ে প্রাণ হারালেন দুই চিকিৎসক (Tajpur sea doctors drowning incident)। ঘটনায় একদিকে যেমন আতঙ্ক ছড়িয়েছে পর্যটন মহলে, পাশাপাশি প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়েও (safety measures near sea beach)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দু’জনের নাম কুন্তল চক্রবর্তী এবং শৈলজা ভরদ্বাজ। দু’জনেই পেশায় চিকিৎসক এবং বয়স আনুমানিক ৩৫-এর মধ্যে। তাঁদের বাড়ি উত্তর ২৪ পরগনার সোদপুরের ঘোলা এলাকায়। কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তদন্তকারীরা স্থানীয়দের সঙ্গে কথা বলছেন, পাশাপাশি মৃতদের পরিবারের সঙ্গেও যোগাযোগের চেষ্টা চলছে।
বুধবার রাতে তাজপুর বিচের কাছে আচমকা নজরে আসে জলে ভাসমান দুটি দেহ। স্থানীয় বাসিন্দারাই প্রথম বিষয়টি টের পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মন্দারমণি কোস্টাল থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধার করা হয় দেহগুলি। পরে সেগুলি নিয়ে যাওয়া হয় বালিসাই হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনার অভিঘাত আরও গভীর কারণ, কয়েকদিন আগেই সমুদ্রকে ঘিরে আর এক মৃত্যুর খবর নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে। তালসারির সমুদ্রসৈকতে ডুবে মৃত্যু হয়েছিল অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। একটি ধারাবাহিকের শুটিংয়ের কাজে সেখানে গিয়েছিলেন তিনি। অভিযোগ, শুটিং চলাকালীনই জলে নেমে দুর্ঘটনার শিকার হন। যদিও সেই মৃত্যুকে ঘিরে একাধিক প্রশ্ন উঠেছে, বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে।
প্রসঙ্গত, বুধবারই নিউ দিঘায় প্রবল ঢেউয়ের তোড়ে ভেসে গিয়েছিলেন এক পর্যটক এবং তাঁর নাতনি। সুনীল মুখোপাধ্যায় (৪৮) এবং ছোট্ট সোয়ানা স্নানের সময় আচমকাই বিপদের মুখে পড়েন। তবে সৌভাগ্যবশত, উপস্থিত নুলিয়াদের দ্রুত তৎপরতায় প্রাণে বাঁচেন দু’জনেই।