
স্বাস্থ্য ভবন।
শেষ আপডেট: 31 October 2024 08:41
দ্য ওয়াল ব্যুরো: সরকারি হাসপাতালের চিকিৎসকদের কড়া নির্দেশ দিল স্বাস্থ্য ভবন। জানিয়ে দিল, সরকারি ভাবে কর্মরত অবস্থায় বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে যুক্ত হতে হলে এনওসি নিতে হবে স্বাস্থ্য ভবনের। স্বাস্থ্য ভবনের প্রস্তাবে সম্মতি দিয়েছে নবান্ন।
মনে করা হচ্ছে, সাম্প্রতিক আরজি কর আন্দোলনের আবহে যখন সরকার-বিরোধী ডাক্তারদের স্বর চড়ছে, তখনই ডাক্তারদের উপর পাল্টা চাপ দেওয়া হল এভাবে। পাশাপাশি, সরকারি হাসপাতালের প্রতি ডাক্তারদের দায়বদ্ধতা বাড়ানোও এই সিদ্ধান্তের বড় কারণ।
আরজি কর আন্দোলন নিয়ে যখন প্রায় মাস তিনেক সময় ধরে কার্যত পথে পড়ে রয়েছেন রাজ্যের জুনিয়র চিকিৎসকরা, একের পর এক অভিযোগ উঠছে, সরকারের বিরুদ্ধে, তখনই পাল্টা অভিযোগ উঠেছে, সরকারি হাসপাতাল থেকে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার পরেও চিকিৎসকদের একাংশ যুক্ত বেসরকারি হাসপাতালের সঙ্গে। সেখানেও রোজগার হয় অনেক টাকা। এই অভিযোগ অবশ্য নতুন নয়।
যদিও আইনত এমনটা করা যায় না, তা সত্ত্বেও এমনটা হয়েই এসেছে বছরের পর বছর ধরে। তথ্য বলছে, ২০১৭ সালের ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট আইনে উল্লেখ রয়েছে, সরকারি কোনও চিকিৎসক যদি বেসরকারি নার্সিংহোমে প্র্যাকটিস করেন তবে প্রয়োজন এনওসি। এতদিন এই আইন থাকলেও তা নিয়ে কড়া হয়নি স্বাস্থ্য দফতর।
জানা গেছে, এবার থেকে এই বিষয়ে কঠোর হতে চলেছে সরকার। জানিয়ে দিয়েছে, স্বাস্থ্য ভবন যদি এনওসি দেয় তবেই, বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে পারবেন সরকারি হাসপাতালের চিকিৎসকরা। এমনকী সার্জারির ক্ষেত্রেও এনওসি বাধ্যতামূলক করা হবে।
এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, বেসরকারি হাসপাতালের চিকিৎসক ঘাটতি তাহলে কীভাবে সামাল দেওয়া যাবে? যাঁরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা করান, তাঁরা বিপদে পড়তে পারেন। পাশাপাশি, যে সব বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা আছে, সেখানে বহু সাধারণ মানুষই সুযোগ-সুবিধা পাচ্ছিলেন সরকারি চিকিৎসকদের একটা অংশ বেসরকারি হাসপাতালে পরিষেবা দিচ্ছিলেন বলেই।
প্রসঙ্গত, ডাক্তারদের প্রাইভেটে প্র্যাকটিস নিয়ে সম্প্রতি মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি অভিযোগ করেন, আরজি কর নিয়ে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি পালন করলেও কোনও কোনও চিকিৎসক বেসরকারি হাসপাতালে গিয়ে পরিষেবা দিয়েছেন। সেই সংখ্যাটা ৫৬৩ এবং সেটা 'ক্রিমিনাল অফেন্স' বলেও উল্লেখ করেন তিনি।
এর পরেই এনওসি নিয়ে কড়া হল স্বাস্থ্য ভবন। চিকিৎসকদের প্রাইভেটে রোগী দেখায় আরোপ বসল।