২০২৪ সালের ২২ মে কোলাঘাট থানার পক্ষ থেকে স্বতঃপ্রণোদিতভাবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।
_0.jpeg.webp)
ফাইল ছবি।
শেষ আপডেট: 10 November 2025 17:36
দ্য ওয়াল ব্যুরো: পূর্ব মেদিনীপুরের কোলাঘাট মামলায় ফের স্বস্তি পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ জানায়, কোলাঘাট থানায় (Kolaghat case) দায়ের হওয়া এফআইআরের উপর আপাতত কোনও কড়া পদক্ষেপ করা যাবে না।
আগামী ৩১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত এই রক্ষাকবচ বলবৎ থাকবে বলে নির্দেশ দিয়েছে আদালত। পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ হয়েছে ৮ জানুয়ারি। অর্থাৎ তার আগে পর্যন্ত কোলাঘাট মামলায় বিরোধী দলনেতার বিরুদ্ধে বিশেষ কোনও পদক্ষেপ করতে পারবে না রাজ্য।
উল্লেখ্য, ২০২৪ সালের ২২ মে কোলাঘাট থানার পক্ষ থেকে স্বতঃপ্রণোদিতভাবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। লোকসভা ভোটের আগে তাঁর কোলাঘাটের অফিসে পুলিশি তল্লাশির ঘটনাকেই কেন্দ্র করে শুরু হয় এই মামলার সূত্রপাত। সেই সময়ই শুভেন্দু অধিকারী আদালতের দ্বারস্থ হয়েছিলেন। আদালত পুলিশি পদক্ষেপে স্থগিতাদেশ জারি করেছিল।
তবে সম্প্রতি একাধিক মামলায় শুভেন্দুর রক্ষাকবচ খারিজ করেছিল হাইকোর্ট। এরপরই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছিল। এমন আবহে আদালতের এই রায়ে শুভেন্দুর শিবিরে স্বস্তির হাওয়া।
যদিও শাসকদলের কটাক্ষ, কথায় কথায় আদালতে গিয়ে রক্ষাকবচ আদায় করা ওর রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে বিজেপির বক্তব্য, রাজ্য পুলিশ যে নিরপেক্ষ নয়, রাজনৈতিক কারণেই মিথ্যে মামলায় বিরোধী দলনেতাকে বারংবার ফাঁসাচ্ছে আদালতের এই নির্দেশে তাই প্রমাণিত হয়।