পর্যবেক্ষকদের মতে, বকেয়া মহার্ঘ ভাতার প্রসঙ্গ টেনে কৌশলে পুলিশের মধ্যে ক্ষোভ উসকে দেওয়ার চেষ্টা করেছেন তিনি।

শুভেন্দু অধিকারী।
শেষ আপডেট: 10 August 2025 09:17
দ্য ওয়াল ব্যুরো: 'পুলিশ (Police) তুমি যতই মারো, ডিএ কিন্তু বাকি তোমারো', শনিবার রাতে সোশ্যাল মাধ্যমে এমনই কটাক্ষ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
নবান্ন অভিযানের (Nabanna Abhijan) দিন পুলিশের লাঠিচার্জের পরই এই বার্তা। পর্যবেক্ষকদের মতে, বকেয়া মহার্ঘ ভাতার প্রসঙ্গ টেনে কৌশলে পুলিশের মধ্যে ক্ষোভ উসকে দেওয়ার চেষ্টা করেছেন তিনি।
সূত্রপাত আরজি কর মেডিক্যাল কলেজে (RG Kar Case) ডাক্তারি ছাত্রীর মৃত্যু-পরবর্তী বিচারহীনতার অভিযোগ। ২০২৪ সালের ৯ অগস্ট সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল তাঁর রক্তাক্ত দেহ। একবছর পেরিয়ে গেলেও অভিযুক্তরা অধরা—এই অভিযোগে শনিবার নবান্ন অভিযানের ডাক দেয় নাগরিক সমাজ। সমর্থনে ছিলেন অভয়ার মা–বাবা। তাঁদের আহ্বানে সাড়া দিয়ে পথে নামেন শুভেন্দু অধিকারী-সহ বিজেপির একাধিক বিধায়ক।
অভিযোগ, শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠিচার্জ চালায়। তাতে আহত হন অভয়ার মা–বাবা-সহ শতাধিক মানুষ। এর পরেই শুভেন্দুর তোপ, “এটা এক প্রচণ্ড লড়াই! অধিকার আদায়ের লড়াই! ধর্ষণকে ধামাচাপা দেওয়ার প্রাতিষ্ঠানিক অপচেষ্টার বিরুদ্ধে লড়াই! দাম্ভিক শাসকের বিপক্ষে লড়াই! এই লড়াই জিততেই হবে।”
পুলিশ তুমি যতই মারো,
ডিএ কিন্তু বাকি তোমারো।
একটা প্রচন্ড লড়াই! অধিকার আদায়ের লড়াই! ধর্ষণ কে ধামাচাপা দেওয়ার প্রাতিষ্ঠানিক অপচেষ্টার বিরুদ্ধে লড়াই! দাম্ভিক শাসকের বিপক্ষে লড়াই!
এ লড়াই জিততে হবে।
আমরা পশ্চিমবঙ্গের জনগণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ এই অধিকার আদায়ের লড়াইতে… pic.twitter.com/OKOSKPSqXL— Suvendu Adhikari (@SuvenduWB) August 9, 2025
বিরোধী দলনেতার দাবি, পশ্চিমবঙ্গের জনগণের কাছে তাঁরা প্রতিজ্ঞাবদ্ধ, অধিকার আদায়ের এই সংগ্রামে হিংস্র প্রশাসককে এক ইঞ্চি জমিও ছাড়া হবে না। তাঁর ভাষায়, “অন্ধকার কাটবে, ভোরের সোনালি আলো পশ্চিমবঙ্গকে আলোকিত করবে।”
শুভেন্দু তাঁর পোস্টে অভয়ার মা–বাবার লড়াইয়ের প্রশংসাও করেন। লেখেন, “প্রণাম অভয়া ও অভয়ার মা–বাবাকে—ওনাদের অদম্য লড়াই আমাদের অনুপ্রেরণা।”