তৃণমূলের অভিযোগ, বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া ঘোষণার পর এমন হুমকি “ইচ্ছাকৃত রাজনৈতিক ভয় দেখানো” এবং “নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার প্রয়াস”
.jpeg.webp)
ফাইল ছবি।
শেষ আপডেট: 1 November 2025 13:44
দ্য ওয়াল ব্যুরো: নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার অভিযোগে এবার সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে নির্বাচন কমিশনের (Election Commission) দ্বারস্থ তৃণমূল কংগ্রেস (Tmc)।
অভিযোগ, সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনে শুভেন্দু ‘বুথ লেভেল অফিসারদের (BLO)’ জেলে পাঠানোর হুমকি দিয়েছেন (send BLOs to jail), যা নির্বাচন সংক্রান্ত দায়িত্বে থাকা সরকারি কর্মীদের ভয় দেখানোর সামিল।
তৃণমূলের তরফে কমিশনে পাঠানো অভিযোগপত্রে বলা হয়েছে, “শুভেন্দু অধিকারী প্রকাশ্যে বলেছেন, ‘বিহারে যেমন বহু বিএলও জেলে গেছেন, তেমনি বাংলায়ও যেতে হবে। আমরা এমন নথি দেব, যাতে আপনাদের জেলে যেতে হয়।’ এই মন্তব্য নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও সরকারি কর্মীদের নিরাপত্তার উপর সরাসরি আঘাত।”
তৃণমূলের অভিযোগ, বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া ঘোষণার পর এমন হুমকি “ইচ্ছাকৃত রাজনৈতিক ভয় দেখানো” এবং “নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার প্রয়াস।"
অভিযোগপত্রে রাজ্যের শাসকদলের তরফে কমিশনের কাছে তিন দফা দাবি জানানো হয়েছে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ফৌজদারি মামলা (FIR) দায়ের করা হোক। সমস্ত বুথ লেভেল অফিসার ও নির্বাচনকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে অবিলম্বে নির্দেশ জারি করা হোক। এবং নির্বাচন কমিশন যেন সর্বসমক্ষে ঘোষণা করে, কোনও রাজনৈতিক নেতা বা দল নির্বাচনী কর্মীদের ভয় দেখালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তৃণমূলের দাবি, শুভেন্দুর বক্তব্য “অভিযোগযোগ্য অপরাধ” হিসেবে ভারতীয় ন্যায় সংহিতার ৩৫১ ধারা অনুযায়ী ‘ভয় প্রদর্শন’ বা ‘ক্রিমিনাল ইনটিমিডেশন’-এর আওতায় পড়ে। অভিযোগে আরও বলা হয়েছে, “একজন নির্বাচিত জনপ্রতিনিধি যদি সরকারি কর্মীদের জেলে পাঠানোর হুমকি দেন, তা শুধু অগ্রহণযোগ্য নয়, গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি সরাসরি আঘাত।”
তৃণমূলের বক্তব্য, বাংলার নির্বাচনী প্রক্রিয়া যাতে কোনও রাজনৈতিক দলের ভয়-ভীতি বা প্রলোভনে প্রভাবিত না হয়, সে জন্যই দ্রুত পদক্ষেপ করা জরুরি।