প্রশিক্ষণের মূল জোর BLO অ্যাপ, তার প্রযুক্তিগত ব্যবহার, লগ-ইন পদ্ধতি এবং এনুমারেশন ফর্মের খুঁটিনাটি বোঝানোয়। BLO-দের হাতে তুলে দেওয়া হবে পরিচয়পত্র-সহ বিশেষ কিট ও ক্যাপ।

নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 1 November 2025 11:58
দ্য ওয়াল ব্যুরো: ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। শনিবার থেকে শুরু হল রাজ্যজুড়ে বুথ লেভেল অফিসারদের (BLO training) প্রশিক্ষণ পর্ব। চলবে ৩ নভেম্বর পর্যন্ত। রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় সমান তালে চলবে এই কর্মসূচি। এরপরই ৪ নভেম্বর থেকে শুরু হবে ‘হাউস-টু-হাউস এনুমারেশন’ বা বাড়ি-বাড়ি ভোটার গণনা (emphasizing technical skills before 'house-to-house' enumeration, West Bengal)।
নির্বাচন কমিশন সূত্রে খবর, এ বছর মোট ৮০,৬৮১ জন BLO-কে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের মূল জোর BLO অ্যাপ, তার প্রযুক্তিগত ব্যবহার, লগ-ইন পদ্ধতি এবং এনুমারেশন ফর্মের খুঁটিনাটি বোঝানোয়। BLO-দের হাতে তুলে দেওয়া হবে পরিচয়পত্র-সহ বিশেষ কিট ও ক্যাপ। ভবিষ্যতের বুথ র্যাশনালাইজেশনের কথা মাথায় রেখে আরও ১৪,০০০ BLO-র তালিকা প্রস্তুত রাখা হয়েছে।
সূত্রের খবর, BLO-দের নিরাপত্তা সংক্রান্ত বিষয়েও নিয়মিত সমন্বয় চলছে রাজ্য পুলিশের সঙ্গে। এই বিষয়ে নজর রাখছেন রাজ্য পুলিশ নোডাল অফিসার এডিজি আনন্দ কুমার। নির্বাচন কমিশনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যেই প্রায় ৮৫% এনুমারেশন ফর্ম ছাপা হয়ে গিয়েছে। বাকি মুদ্রণ প্রক্রিয়া ২ নভেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা।
এরই মধ্যে শুক্রবার একটি বড় প্রশিক্ষণ বৈঠক হয়, যেখানে উপস্থিত ছিলেন ২৯৪ জন ইআরও, ৩ হাজারেরও বেশি এইআরও, রাজ্যের ২৪ জন জেলা শাসক তথা ডিইও ও এডিএমরা। সভায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালও উপস্থিত ছিলেন।
সেই বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হন নির্বাচন কমিশনের ডিজি (আইটি) সীমা খন্না, দিল্লি থেকে। BLO অ্যাপের ব্যবহার ও এনুমারেশন ফর্মের প্রযুক্তিগত দিক নিয়েই ছিল প্রশিক্ষণের মূল ফোকাস। এবার শুরু হল বুথ লেভেল এজেন্ট (BLA) দের প্রশিক্ষণও। এই প্রশিক্ষণও ৩ নভেম্বরের মধ্যেই শেষ হবে। রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় সমান তালে চলবে এই কর্মসূচি।”