তৃণমূল নেতার তোপ, “যদি বিজেপি সত্যিই দেশের অখণ্ডতায় বিশ্বাস করে, তবে এই সাংসদকে অবিলম্বে বরখাস্ত করুন। নইলে স্পষ্ট হবে, বিজেপির শীর্ষ নেতৃত্বের মদতেই এই মন্তব্য করা হয়েছে। এটা দেশপ্রেম নয়, এটা প্রতারণা!”

ফাইল ছবি।
শেষ আপডেট: 1 November 2025 12:14
দ্য ওয়াল ব্যুরো: বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের (Jagannath government) বিতর্কিত মন্তব্য ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। আর সেই মন্তব্যকে হাতিয়ার করেই তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোশ্যাল মাধ্যমে অভিষেকের অভিযোগ, “বিজেপির (BJP) ভণ্ডামি নতুন নীচু স্তরে পৌঁছেছে।”
অভিষেক লেখেন, “রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলছেন—বিজেপি ক্ষমতায় এলে ভারত-বাংলাদেশের মধ্যে আর সীমান্ত থাকবে না, দুই দেশ আবার এক হয়ে যাবে! অথচ একই বিজেপি নেতৃত্ব, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ, পশ্চিমবঙ্গ সরকারকে দোষারোপ করছেন সীমান্ত রক্ষা না করার জন্য! এ কেমন ভণ্ডামি?”
তৃণমূল নেতার তোপ, “যদি বিজেপি সত্যিই দেশের অখণ্ডতায় বিশ্বাস করে, তবে এই সাংসদকে অবিলম্বে বরখাস্ত করুন। নইলে স্পষ্ট হবে, বিজেপির শীর্ষ নেতৃত্বের মদতেই এই মন্তব্য করা হয়েছে। এটা দেশপ্রেম নয়, এটা প্রতারণা (It's not patriotism, it's fraud)!”
The HYPOCRISY of the BJP leadership has fallen to new depths. @BJP4India MP from Ranaghat, Jagannath Sarkar declares that if the BJP COMES TO POWER, there will be no borders between INDIA AND BANGLADESH- both nations will become ONE again!
On the other hand, the same BJP… pic.twitter.com/p6UbuILgg8— Abhishek Banerjee (@abhishekaitc) November 1, 2025
অভিষেকের আরও কটাক্ষ, “পশ্চিমবঙ্গের মানুষকে ‘SIR’-এর নামে বোকা বানানোই এখন বিজেপির রাজনীতি। এটা দেশভক্তি নয়, এটা প্রতারণা আর ভণ্ডামির বিষমিশ্রণ।”
ঘটনার সূত্রপাত নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের গেদে সীমান্ত লাগোয়া মাটিয়ারি বানপুর পঞ্চায়েতে। শুক্রবার দলীয় কর্মসূচিতে উপস্থিত হয়ে সাংসদ জগন্নাথ সরকার বলেন, “বাংলা ভাগ হবে না, এক হবে! ২০২৬ সালের নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে ভারত-বাংলাদেশের মধ্যে কাঁটাতারের বেড়া থাকবে না। এক ছিল, আবার এক হয়ে যাবে।”
এই মন্তব্যের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মাধ্যমে, যদিও ভিডিওর সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা হয়নি। সাংসদের বক্তব্য নিয়ে ইতিমধ্যেই সরগরম রাজনৈতিক মহল। তৃণমূলের অভিযোগ, এটি “দেশবিরোধী ও বিপজ্জনক মন্তব্য।”
বিজেপির তরফে এখনো পর্যন্ত কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সীমান্ত রাজনীতি ঘিরে এমন মন্তব্যে চাপের মুখে পড়তে পারে রাজ্য বিজেপি নেতৃত্বও।