এদিন দলের সাংসদ, বিধায়ক এবং জেলাস্তরের নেতাদের সঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজকর্ম নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক। সেখানেই এই নির্দেশ তিনি দিয়েছেন বলে দলীয় সূত্রের খবর।

অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 31 October 2025 17:43
দ্য ওয়াল ব্যুরো: গত মঙ্গলবার থেকে দেশের ১১টি রাজ্যের সঙ্গে বাংলাতেও ভোটার তালিকার নিবিড় সংশোধনের (SIR) প্রক্রিয়া শুরু করেছে কমিশন (Election Commission)। ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বুথ লেবেল অফিসার বা বিএলও-রা (BLO)। এবার এই বিএলওদের ছায়াসঙ্গী হয়ে থাকার জন্য দলের বুথ লেবেল এজেন্ট বা বিএলএ টুদের (BLA 2) নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোেপাধ্যায় (Abhishek Banerjee)। এজন্য ৩ নভেম্বরের মধ্যে বিএলএ টুদের চূড়ান্ত তালিকা তৈরি করে প্রায় ৮০ হাজার ফর্ম নির্বাচন কমিশনের কাছে জমা দিতে হবে।
এদিন দলের সাংসদ, বিধায়ক এবং জেলাস্তরের নেতাদের সঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজকর্ম নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক। সেখানেই এই নির্দেশ তিনি দিয়েছেন বলে দলীয় সূত্রের খবর। ভোটারদের কাছে এনুমারেশন ফর্ম নিয়ে যাবেন কমিশন নিযুক্ত বুথ লেবেল অফিসাররা। প্রতিটি নাগরিকের ওই ফর্ম পূরণের কাজে সহযোগিতা করার জন্য দলের বুথ লেবেল এজেন্টদের বিএলও-দের ছায়াসঙ্গী হয়ে থাকার নির্দেশ দিয়েছেন অভিষেক। অভিষেকের কথায়, "৯৯ শতাংশ নয়, ১০০ শতাংশ এনুমারেশন ফর্ম ফিলাপ করার দায়িত্ব বিএলএদের নিতে হবে।"।
রাজ্যের মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার। রয়েছে ২৮০০ ওয়ার্ড। বৈঠকে অভিষেক স্পষ্ট করে জানিয়েছেন, বিএলও-দের এই বাড়ি বাড়ি যাওয়া পর্বে প্রতিটি ওয়ার্ডে ক্যাম্প খুলতে হবে। সকাল ৯ টা থেকে ৫ টা ক্যাম্প খুলে রাখতে হবে। বিএলও-দের এক মিনিটের জন্য চোখের আড়াল হতে দেওয়া যাবে না।
ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে তৃণমূল এত তৎপর কেন?
অভিষেকের কথায়, "কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি ভোটার তালিকায় চুপি চুপি কারচুপি করতে চাইছে। একজনও প্রকৃত ভোটারের নাম যাতে বাদ না যায়, তাই এই উদ্যোগ।"
ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে কেউ কোনও সমস্যায় পড়লে সাহায্যের জন্য এদিন দলের তরফে একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়। নম্বরটি হল- ৮১৪২৬৮১৪২৬.
প্রসঙ্গত, তৃণমূল ভবনে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে দলের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং কুণাল ঘোষ অভিযোগ করেছিলেন, ২০০২ সালের ভোটার তালিকার হার্ড কপির সঙ্গে কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে বিস্তর গরমিল রয়েছে। কয়েকটি এলাকার তথ্য তুলে ধরে তৃণমূলের অভিযোগ, এভাবেই এসআইআর এর নাম করে বাংলার প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে।
এদিনের ভার্চুয়াল বৈঠকে অভিষেকও এ ব্যাপারে স্পষ্টাস্পষ্টি জানিয়ে দেন, ভোটার তালিকা সংশোধনের নামে বিজেপি ও কমিশন যাতে একটি প্রকৃত ভোটারের নামও বাদ না দিতে পারে সে ব্যাপারে বিএলওদের সতর্ক থাকতে হবে।
কী রকম 'সতর্কতা', তাও বৈঠকে খোলামেলা জানিয়েছেন অভিষেক। সূত্রের খবর, বৈঠকে তিনি বলেন, বিএলএ-র কাজ হল বিএলও-র ছায়াসঙ্গী হয়ে থাকা। তার মানে এমন নয় যে প্রথম দু'ঘণ্টা রইলাম, তারপর দুপুরে খেতে বাড়ি চলে গেলাম। গাছাড়া মনোভাব চলবে না।
এই পুরো প্রক্রিয়াটি সম্পর্কে কর্মীদের চাঙ্গা করতে অভিষেককে বলতে শোনা গিয়েছে, মনে রাখবেন আগামী ৬ মাস আমাদের কাছে অ্যাসিড টেস্ট। বিএলএ-র কোনও অসুবিধা হলে বিইআরএসের সঙ্গে যোগাযোগ করবে, যেভাবে বিএলএ টু বিএলও-র ছায়া সঙ্গী হিসেবে কাজ করবে, একইভাবে বিআরএস ইআরও এবং এইআরও-র ছায়াসঙ্গী হিসেবে কাজ করবে। জেলাস্তরে বিএলএ ওয়ান প্রতিদিন ডিইও-র সঙ্গে যোগাযোগ রাখবে, নিচুতলার সমস্যা নিয়ে কথা বলবে, সেখানে কোনও ধরনের সমস্যায় পড়লে বিএলএ-ওয়ান সরাসরি নেতৃত্বকে জানাবেন।
ইতিমধ্যে এসআইআর ঘোষণার পর আতঙ্কে আগরপাড়া ও ইলামবাজারে দু'জন আত্মহত্যা করেছে বলে অভিযোগ তৃণমূলের। দিনহাটায় আর একজন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এদিনের বৈঠকে অভিষেক জানান, এদিনও টিটাগড়ে কাকলি সরকার নামে এক মহিলা আতঙ্কে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। এ ব্যাপারেও কর্মীদের সতর্ক করেছেন অভিষেক।