"এই রাজ্যেই খাগড়াগড় কাণ্ড ঘটেছিল। আজ যারা বড় বড় কথা বলছেন, খাগড়াগড়ের সময় তারা কোথায় ছিলেন?”

ফাইল ছবি।
শেষ আপডেট: 13 November 2025 15:26
দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে বিস্ফোরণের মাত্র দু’দিন পরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) অভিযোগ তুললেন—পাকিস্তান ও বাংলাদেশ থেকে তাঁর কাছে নিয়মিত হুমকি ফোন আসে।
দলের শিলিগুড়ি সফরের পথে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “বাংলা জঙ্গিদের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। তারা এখানে আসে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় থাকায় রাজ্যকে তারা নিরাপদ মনে করে। আর আমরা এই হুমকির মুখে পড়ি। দুই দিন আগেও পাকিস্তান থেকে ফোন এসেছে, বাংলাদেশ থেকেও নিয়মিত আসে।?”
শুভেন্দু আরও বলেন, “মালদহ, মুর্শিদাবাদ, ক্যানিং—এসব জায়গায় নিষিদ্ধ সংগঠনের সক্রিয়তা কমে নেই। মুর্শিদাবাদ তো তাদের ঘাঁটি। আনসারুল বাংলার সাতজন তো ধরা পড়েছিল। মাদ্রাসা খুলে দেড় বছর চালিয়েছে।"
এখানেই না থেমে শুভেন্দুর অভিযোগ, এই পুরো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বাংলার শাসকদল তৃণমূল। খাগড়াগড় কাণ্ড মনে করিয়ে শুভেন্দু বলেন, "এই রাজ্যেই খাগড়াগড় কাণ্ড ঘটেছিল। আজ যারা বড় বড় কথা বলছেন, খাগড়াগড়ের সময় তারা কোথায় ছিলেন?”
সোমবার রাতে দিল্লিতে বিস্ফোরণে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। আর এর সঙ্গে বাংলার যোগ মিলেছে বলে শিলিগুড়ি ও মুর্শিদাবাদের নবগ্রামে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ হানা দিয়েছে। এরই মধ্যে শুভেন্দুর হুমকি কলের অভিযোগ ঘিরে নতুন করে শোরগোল ছড়িয়েছে। বিরোধী দলনেতা জানান, এ ব্যাপারে যথাস্থানে তিনি অভিযোগ দায়ের করেছেন।