এদিন সেনাবাহিনীকে সম্মান জানানোর ওই আলোচনা সভায় শাসক-বিরোধীর বক্তব্য পাল্টা বক্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা কক্ষ।

শেষ আপডেট: 10 June 2025 21:03
দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বক্তব্যের বিকৃত করার অভিযোগে মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ এনেছেন তৃণমূলের বিধায়করা। কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিষয়টি শোনার পরও নিজের পুরনো অবস্থানে অনড় রইলেন শুভেন্দু।
মঙ্গলবার রাতে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে বিরোধী দলনেতা বলেন, "যা বলেছি, ঠিক বলেছি। এদের দম জানা আছে। আগে তো সাতবার এরকম নোটিস ধরিয়েছে। আমাকে জবাব চাইলে নিশ্চয়ই দেব।"
সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে এদিন বিধানসভায় (West Bengal Legislative Assembly) আলোচনা প্রস্তাব এনেছিল শাসকদল তৃণমূল। আলোচনায় অংশ নেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee), বিরোধী দলনেতা-সহ শাসক, বিরোধী উভয়পক্ষের একাধিক বিধায়ক।
স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)) বলেন, "বিধানসভার ভেতরে মুখ্যমন্ত্রী এমন কোনও কথা বলেননি যা পাকিস্তানের সপক্ষে বিবৃতি দিয়েছেন বলে প্রমাণিত হয়। অথচ বিরোধী দলনেতা এ নিয়ে বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠকে মিথ্যাচার করেছেন। এ ব্যাপারেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ জমা পড়েছে। এ ব্যাপারে কমিটি আগামিকাল প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।"
যার জবাবে শুভেন্দু বলেন, "আবার বলছি, মুখ্যমন্ত্রী বলেছেন পাকিস্তান কী করে ইউএনএর ভায়েস চেয়ারম্যান পায়, পাকিস্তান কী করে আইএমএম এর ঋণ পায়। এসবের সঙ্গে ভারতীয় সেনা বাহিনীর সাফল্যর সম্মান জানান বা পহেলগামে হিন্দু নিধনের কী সম্পর্ক রয়েছে? সভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন, ভোট এলেই একটা করে পহেলগাম করে। দেশের শত্রুর হয়ে ব্যাটিং করছে, এমন মুখ্যমন্ত্রীকে জাতীয়তাবাদী বলতে হবে?"
এদিন সেনাবাহিনীকে সম্মান জানানোর ওই আলোচনা সভায় শাসক-বিরোধীর বক্তব্য পাল্টা বক্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা কক্ষ। পরে বাইরে এসে বিরোধী দলনেতা অভিযোগ করেন, বিধানসভার ভেতরে মুখ্যমন্ত্রী যেভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সপক্ষে বিবৃতি দিয়েছেন তা অতিবড় পাক সমর্থকও দেয় না।
শুভেন্দুর এই বক্তব্যের বিরুদ্ধেই স্পিকারের কাছে স্বাধিকার ভঙ্গের অভিযোগ এনেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাসরা। তাঁদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করে বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠক করেছেন বিরোধী দলনেতা।