মালদহের চাঁচলের সভা থেকে সেই টার্গেটকেও ছাপিয়ে যাওয়ার দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললেন, ২০০ নয়, ২২০ আসন পাবে বিজেপি!

শুভেন্দু অধিকারী
শেষ আপডেট: 2 January 2026 17:36
দ্য ওয়াল ব্যুরো: তিন দিনের রাজ্য সফরে (West Bengal Tour) এসে বঙ্গ বিজেপি (BJP) নেতৃত্বকে ফের ২০০ আসনের টার্গেট বেঁধে দিয়ে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তবে মালদহের চাঁচলের সভা থেকে সেই টার্গেটকেও ছাপিয়ে যাওয়ার দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বললেন, ২০০ নয়, ২২০ আসন পাবে বিজেপি!
মালদহের চাঁচলে এদিন সভা করেন শুভেন্দু অধিকারী। তৃণমূল সরকারের (TMC Govt) দুর্নীতি থেকে শুরু করে রাজ্যের নিরাপত্তা ইস্যু - সব নিয়েই নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তেড়েফুঁড়ে ওঠেন বিরোধী দলনেতা। সভায় আগতদের মনে করান, ঠিক সময়ে তিনি তৃণমূল ছেড়ে বেরিয়ে এসেছিলেন। বুঝে গেছিলেন যে, নরেন্দ্র মোদী (Narendra Modi) ছাড়া গতি নেই। এই প্রসঙ্গেই আসন্ন নির্বাচনে ফের বাংলায় ২২০ আসনের জেতার দাবি করেন শুভেন্দু অধিকারী।
কলকাতায় কোর কমিটির (Core Committee) বৈঠক করে অমিত শাহ আবারও ২০০ আসনের টার্গেট দেন বঙ্গ বিজেপির নেতাদের। বক্তব্য ছিল, “আমরা যদি ৩ আসন থেকে ৭৭ আসনে পৌঁছতে পারি, তাহলে ৭৭ থেকে ২০০ আসনে (200 Seats) পৌঁছনো অসম্ভব কেন হবে?” সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই চাঁচল থেকে শুভেন্দু বলেন, “যদি গোটা রাজ্যের সনাতনীরা এগিয়ে আসে তাহলে ২০০ নয়, ২২০ আসনে জিতব।”
শুভেন্দুর কটাক্ষ, “চোরের দলে গেলে সবাই বদলাবে। আগে বুঝেছিলাম বলে ৬ বছর আগেই পালিয়ে এসেছি। একে একে সবাই এসেছে গেরুয়ার নীচে কারণ মোদীজি ছাড়া এই দুর্বৃত্তদের কেউ আটকাতে পারবে না।” আর ২০০ আসনের কথা প্রসঙ্গে তিনি হিন্দু জোটের কথা বলেন। জানান, এই বাংলায় দুটি জায়গায় সনাতনীদের জোট হয়েছে - তার মধ্যে একটি উত্তর মালদহ। ৮৫ শতাংশ হিন্দু পদ্মে ভোট দিয়েছেন। গোটা রাজ্যের সনাতনীরা এগিয়ে আসলে ২২০ আসন পাবে বিজেপি, দাবি শুভেন্দুর।
বিজেপি সভা করতে চাইলেই বাধা আসে। বারবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) যেতে হয়। মালদহের চাঁচলের সভা থেকে এই অভিযোগ তুলে সংখ্যাও গোনান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেন, এই নিয়ে ১০৪ বার সরকারের বিরোধিতার জন্য আদালত থেকে সভা করার অনুমতি নিয়ে আসতে হয়েছে তাঁকে। তবে এই সময়ও বেশিদিন থাকবে না বলে দাবি শুভেন্দুর।
তাঁর স্পষ্ট বার্তা, আগামী এপ্রিল মাসের পর রাজ্যের বিরোধী দল হয়ে যাবে তৃণমূল কংগ্রেস। প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ে হিসেব হবে। এই বলে রাজ্যের পুলিশের একাংশকেও হুঁশিয়ারি দিয়ে রাখেন শুভেন্দু অধিকারী। বলেন - সব নাম লেখা রয়েছে, সবার হিসেব তোলা রইল।