বিহারের মতোই আগামী আগস্ট মাস থেকে পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন চালু হতে চলেছে বলে দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।

শুভেন্দু অধিকারী
শেষ আপডেট: 10 July 2025 20:38
দ্য ওয়াল ব্যুরো: বিহারের মতোই আগামী আগস্ট মাস থেকে পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন চালু হতে চলেছে বলে দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের (Supreme Court) পর্যবেক্ষণে তিনি যে খুশি, সে কথাই জানালেন।
আবেদনকারীরা যেহেতু অন্তর্বর্তী স্থগিতাদেশ চাননি, সে কারণে এই পরিস্থিতিতে বিহারে বিশেষ ভোটার তালিকা সংশোধনের কাজে বাধা দেয়নি সুপ্রিম কোর্ট (Supreme Court Bihar)। যে কারণে খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে আগামী ১ অগস্ট।
কমিশনকে শীর্ষ আদালতের বেঞ্চ জানিয়েছে, ভোটার তালিকায় নাম রাখা বা ভোটদানের প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য ১১টি প্রমাণপত্রের নাম দাখিল করতে। যাতে আধার কার্ড, (Adhaar Card) সচিত্র ভোটার পরিচয়পত্র এবং রেশন কার্ডের মতো জনপ্রিয় পরিচয়পত্রগুলি অন্তর্ভুক্ত করা থাকে।
এ ব্যাপারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, "রোহিঙ্গা, মুসলমানরা এই রাজ্যের বিভিন্ন মুসলিম অদর্শিত জেলায় রয়েছেন। আশা করা যায়, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেই সমস্ত রোহিঙ্গাদের এই দেশ থেকে ফেরাবে।"
তিনি বলেন, "মহুয়া মৈত্রকে দিয়ে মামলা করিয়ে পশ্চিমবঙ্গে রুখতে চেয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু তৃণমূল যতই চেষ্টা করুক এই রাজ্যে স্পেশ্যাল এনটেনসিভ রিভিশন হবেই।" ২০১৬ সালের পর থেকে এখনও পর্যন্ত যেভাবে ভোটারদের সংখ্যা এই রাজ্যে বেড়েছে, বিশেষত মুসলিম অধ্যুষিত এবং বাংলাদেশ পার্শ্ববর্তী জেলাগুলিতে, তাতে অনেক রোহিঙ্গা মুসলমান রয়েছেন বলে আশঙ্কা করেছেন শুভেন্দু। ভোটার তালিকায় এই প্রসেসের মাধ্যমে ইলেকশন কমিশন সেইসব মানুষকে এই দেশ থেকে ফেরাতে তৎপর হবে বলে দাবি বিরোধী দলনেতার।
এছাড়াও এদিন ওবিসি চেয়ারপারসনের সঙ্গে দেখা করে এই রাজ্যে কীভাবে নিয়ম করে ওবিসি লিস্ট তৈরি করা হয়েছে সে অভিযোগও করেছেন শুভেন্দু। পাশাপাশি এও জানিয়েছেন, ২০২৪ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস কারচুপি করে জিতেছে। কিছুদিনের মধ্যেই তিনি সে সব তথ্যপ্রমাণ-সহ অভিযোগ প্রমাণ করে দেবেন।