শুভেন্দু অধিকারীর অভিযোগ, 'তাঁর কনভয় যাওয়ার সময় একদল দুষ্কৃতী বাঁশ, লাঠি নিয়ে তাঁর গাড়ির উপর চড়াও হয়। গাড়ির কাঁচে লাঠি দিয়ে আঘাত করার চেষ্টা হয়।'
.jpg.webp)
চন্দ্রকোনায় অবস্থান-বিক্ষোভ
শেষ আপডেট: 11 January 2026 00:27
দ্য ওয়াল ব্যুরো: চন্দ্রকোণা রোডে কনভয় লক্ষ্য করে হামলা (Suvendu Adhikari Convoy attacked) এবং বিজেপির কর্মীদের ওপর আক্রমণ করার অভিযোগে শনিবার সন্ধ্যায় চন্দ্রকোণা রোড পুলিশ বিট হাউসে অবস্থান বিক্ষোভে বসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তৃণমূল কর্মীদের বিরুদ্ধেই তাঁর অভিযোগ। এদিন চার ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও নিজের অবস্থান থেকে নড়েননি বিজেপি নেতা। তাঁর দাবি, পুলিশই তৃণমূলের কর্মীদের খবর দিয়ে হামলা করিয়েছে।
শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অভিযোগ, 'তাঁর কনভয় যাওয়ার সময় একদল দুষ্কৃতী বাঁশ, লাঠি নিয়ে তাঁর গাড়ির উপর চড়াও হয়। গাড়ির কাঁচে লাঠি দিয়ে আঘাত করার চেষ্টা হয়।' সেইসময় তৃণমূল-বিজেপির সংঘর্ষে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে, কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেলেও পুলিশ আসেনি বলে অভিযোগ বিরোধী দলনেতার। তিনি স্পষ্ট জানিয়েছেন, যতক্ষণ না অপরাধীদের গ্রেফতার করে শাস্তি দেওয়া হবে, তিনি বসে থাকবেন।
শনিবার সন্ধ্যায় পুরুলিয়া থেকে জনসভা শেষ করে ফেরার পথে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর (Nandigram MLA Suvendu Adhikari) কনভয় সমস্যায় পড়ে। বিজেপি কর্মীরা তাঁকে স্বাগত জানানোর জন্য আগে থেকেই অপেক্ষা করছিলেন।
ঘটনা ঘটে গড়বেতা থানার চন্দ্রকোনা রোড বাজারের কাছে, রাত প্রায় সাড়ে ৮টা। অভিযোগ, কনভয় চৌরাস্তা পার হতেই তৃণমূলের কর্মী-সমর্থকরা তাদের পথ আটকে দাঁড়ান। অভিযোগ রয়েছে, লাঠি ও বাঁশ দিয়ে শুভেন্দুর গাড়িতে আঘাত করা হয়। দু’পক্ষের মধ্যে স্লোগান বিনিময় চলে, কয়েক মিনিট ধরে প্রকাশ্য রাস্তায় উত্তেজনা বজায় থাকে।
এদিকে শুভেন্দুর কনভয়ে হামলার ঘটনায় দিকে দিকে বিক্ষোভে বসেছে বিজেপির (BJP) নেতা-কর্মী থেকে শুরু করে সমর্থকেরা। তাঁদের অভিযোগ, এই চক্রান্ত পূর্ব পরিকল্পিত।
তৃণমূলের স্থানীয় নেতৃত্ব অভিযোগ খারিজ করে দিয়েছেন। পাল্টা তাঁদের কটাক্ষ, 'সিআরপিএফ বহিরাগত দুষ্কৃতীদের চিনতে না পেরে বিজেপির নেতাকে মারধর করে ফেলেছেন।' পুলিশ জানিয়েছে, অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে।