বৃহস্পতিবার বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানেই তাঁকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বলেন, 'জয় শ্রীরাম ভারতীয় সংস্কৃতির, আমাদের মর্যাদার বিষয়।

ফাইল চিত্র
শেষ আপডেট: 31 July 2025 19:18
দ্য ওয়াল ব্যুরো: রাস্তায় হঠাৎ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গাড়ি লক্ষ্য করে 'জয় বাংলা' স্লোগান দেন এক ব্যক্তি। মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে তাঁর দিকে তেড়ে যান বিরোধী দলনেতা। পাল্টা 'জয় শ্রীরাম' স্লোগান দেন। তাঁকে রোহিঙ্গা বলে সম্বোধন করেন তিনি। ঘটনার ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এনিয়ে ফের একবার সাফাই দিলেন শুভেন্দু। পাশাপাশি, তিনি যে বারবার 'জয় শ্রীরাম' বলবেন সেকথাও স্পষ্ট করে দেন।
বৃহস্পতিবার বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানেই তাঁকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বলেন, 'জয় শ্রীরাম ভারতীয় সংস্কৃতির, আমাদের মর্যাদার বিষয়। বারেবারেই বলব জয় শ্রীরাম বলব।' তাঁর দাবি, 'একটা লোককে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসা হয়েছে। ওই লোকটি একটি বিশেষ সম্প্রদায়ের। হঠাৎ করে উন্মাদের মতো চিৎকার করে বললে শুনে নেওয়া হবে নাকি। যেটা বললে ওর যন্ত্রণাটা আরও বাড়বে সেটাই বলেছি। আমার বিশ্বাস ও রোহিঙ্গা।'
প্রসঙ্গত, ঘটনাটি ঘটেছে হুগলির পুরশুড়া বিধানসভার অন্তর্গত হেলান এলাকায়। এদিন শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছনোর সময় তাঁকে দেখে ‘জয় বাংলা’ স্লোগান দেন স্থানীয় তৃণমূল সমর্থক শেখ মইদুল। স্লোগান কানে যাওয়া মাত্রই গাড়ি থেকে নেমে পড়েন বিরোধী দলনেতা। তিনি মইদুলের দিকে তেড়ে গিয়ে পাল্টা ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন। মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
'জয় শ্রীরাম' শুনে ফের 'জয় বাংলা' বলায় শুভেন্দু ওই তৃণমূল কর্মীকে রোহিঙ্গা বলে কটাক্ষ করেন। পাল্টা মইদুলও বলেন, 'আপনিও রোহিঙ্গা।' এরপর শুভেন্দু নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেন তাঁকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়ার জন্য।
এই ঘটনার ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। তৃণমূল কংগ্রেস সেই ভিডিও শেয়ার করে বিরোধী দলনেতাকে তীব্র কটাক্ষ করে। শাসক দলের দাবি, শুভেন্দু অধিকারী ভয় পেয়ে গিয়েছিলেন বলেই এমন প্রতিক্রিয়া দেখিয়েছেন।